নায়কদের সঙ্গে পাল্লা দিচ্ছেন ঐশ্বরিয়া
সিনেমার লভ্যাংশ পাওয়ার রীতিটা বলিউডে চালু করেছিলেন নায়করা। কেবল প্রথম সারির নায়করাই এই সুবিধা পেয়ে থাকেন। গত বছর দিপিকা পাড়ুকোন প্রথমবারের মতো এই প্রথার ব্যতিক্রম ঘটান। আর নিজের ফেরার সিনেমায় ঐশ্বরিয়া রাই বচ্চনও জানিয়ে দিয়েছেন তিনি নায়কদের চেয়ে কোনো অংশে কম নন।
পাঁচ বছরের বিরতি শেষে ‘জাযবা’র মাধ্যমে রূপালী পর্দায় ফিরেছেন অ্যাশ। আর নিজের আয়ের হিসাবটা কড়ায়-গণ্ডায় বুঝে নিচ্ছেন। হিন্দুস্তান টাইমস বলছে, ‘জাযবা’র লাভ থেকে একটি অংশ যাবে অ্যাশের ঝুলিতে আর পারিশ্রমিক তো থাকছেই।
বিশ্লেষকরা বলছেন, বক্স-অফিসে ভাল করছে ‘জাজবা’। সেই সঙ্গে সিনেমাটির স্যাটেলাইট টিভি ও সঙ্গীত স্বত্ব থেকেও কামাই করবেন ঐশ্বরিয়া।
'জাযবা' এরই মধ্যে হিটের তকমা পেয়েছে। সামনের দিনগুলোতে কোনো বড় মাপের সিনেমা মুক্তি না পাওয়ায় আগামী কয়েক সপ্তাহ একাই বক্স-অফিসে রাজত্ব করবে সিনেমাটি।
