বক্স-অফিসে শীর্ষে ‘কিস কিস কো পেয়ার কারু’
প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করলেন ভারতীয় কমেডিয়ান কাপিল শর্মা। বড় পর্দায় তার অভিষেকের সিনেমা ‘কিস কিস কো পেয়ার কারু’ মুক্তির দুদিনেই উঠে এসেছে বক্স-অফিসের শীর্ষে।
প্রথম দুই দিনে বসিনেমাটি আয় করেছে ১৮ কোটি ৭৫ লাখ রুপি। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, অভিষেকেই কোনো অভিনেতার সিনেমার আয়ের ক্ষেত্রে রেকর্ড গড়েছেন তিনি।
বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ টুইট করেন, “শনিবারও ‘কিস কিস কো পেয়ার কারু’র ব্যবসা ভাল। মানুষের প্রশংসায় ভারতে সিনেমাটি এখন বড় হিট। আব্বাস-মাস্তানদের যারা উপহাস করেছিলেন থ্রিলার থেকে সরে গিয়ে কমেডি তৈরিতে আর একজন টিভি অভিনেতাকে সিনেমার নায়ক বানানোয়, তারা জেনে রাখুন, আব্বাস মাস্তাসই এখন শেষ হাসিটা হাসছেন।”
“কেবল দর্শকরাই নন, পরিবেশকরাও সিনেমাটির সাফল্যে হাসছেন। শুক্র-শনিবারের আয় ১৮ কোটি ৭৫ লাখ রুপি। সপ্তাহান্তে এই আয় ৩০ কোটি ছাড়ানোর কথা।”
ওদিকে ‘কিস কিস কো পেয়ার কারু’র দাপটে বক্স-অফিসে দাঁড়াতেই পারছে না সদ্য মুক্তি পাওয়া দুই সিনেমা ‘ক্যালেন্ডার গার্লস’ এবং ‘ভাগ জনি’।
মধুর ভান্ডারকারের বহুল প্রতিক্ষিত সিনেমা ‘ক্যালেন্ডার গার্লস’ দুই দিনে আয় করেছে ১০ কোটি রুপি। ওদিকে কুনাল খেমু অভিনীত ‘ভাগ জনি’র অবস্থা আরো খারাপ। প্রথম দুদিনে টেনেটুনে ৫ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে সিনেমাটি।
