রানবির-দিপিকা: এ প্রজন্মের শাহরুখ-কাজল?
বাস্তব জীবনে তাদের প্রেম দীর্ঘস্থায়ী না হলেও দিপিকা পাড়ুকোন ও রানবির কাপুরের পর্দা রসায়ন সব সময়ই মাতিয়েছে দর্শকদের। দুজনের আগামী সিনেমা 'তামাশা'র ট্রেইলার প্রকাশের পর অনেকেই বলছেন, এ প্রজন্মের শাহরুখ-কাজল হওয়ার পথেই এগুচ্ছেন এই জুটি।
নব্বইয়ের দশকের পর্দা মাতানো শাহরুখ খান ও কাজলের জুটির পর দীর্ঘ সময় ধরে বলিউডে এমন কোনো জুটির দেখা মেলেনি, পর্দায় যাদের উপস্থিতি মন্ত্রমুগ্ধ করতে পারে দর্শককে।
তবে মাত্র তিনটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেই জুটি হিসেবে নিজেদের চাহিদা প্রমাণ করেছেন দিপিকা-রানবির। ব্যক্তিগত জীবনে তাদের পথ দুদিকে বেঁকে গেলেও, পেশাদার এই দুই শিল্পী কাজে সে প্রভাব পড়তে দেননি।
সম্পর্ক ভাঙার পরও দিপিকা-রানবিরের চমৎকার বন্ধুত্ব ক্যামেরার সামনে তাদের বোঝাপড়াকে আরও আকর্ষণীয় করে তুলেছে। দর্শকের কাছে তারা যেমন প্রিয়, তেমনই সমালোচকদের কাছেও প্রশংসিত।
বিশ্লেষকদের মতে, চিত্রনাট্য দুর্বল হওয়ার পরও 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি' সিনেমাটি বক্স-অফিসে বাজিমাত করে শুধুমাত্র রানবির-দিপিকা জুটির রসায়নের কারণেই।
