'আমায় দেখে দাম বাড়িয়ে দেয়'
ঈদ-উল-আযহা নিয়ে ব্যস্ততার শেষ নেই কণা, হৃদয় খান, সাবিলা, টয়া, আরফান নিশোদের। কুরবানির ব্যস্ততার পাশাপাশি বন্ধুদের সঙ্গে আড্ডা আর বিভিন্ন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে মুখ দেখানোর পালা তো রয়েছেই। ঈদের আগে তারকারা কেউ ফিরে গেলেন শৈশবের স্মৃতিতে, কেউ ঈদের দিনের ব্যস্ততার ফিরিস্তি তুলে ধরলেন।
এবার কম কাজ করেছি : আফরান নিশো
ঈদ মানেই আফরান নিশোর নাটক নিয়ে ব্যস্ততা। কিন্তু এবার দৃশ্যপট ছিল ভিন্ন। গ্লিটজকে জানালেন, এবারের ঈদে তাকে কম নাটকেই দেখা যাবে।
নিশো জানালেন, ঈদ-উল-আযহার তার অভিনীত এবং মাহবুব নীল পরিচালিত টেলিফিল্ম ‘পেন্ডুলাম’ প্রচারিত হবে এনটিভিতে। এছাড়া আরটিভিতে কৌশিক শংকর দাশের ‘প্রেমের গল্প’, মাছরাঙা টিভিতে টেলিফিল্ম ‘ব্রেকআপ স্টোরি’, বাংলাভিশনে সুমন আনোয়ারের ‘গুলবাহার’, আরটিভিতে তানিম রহমান অংশুর নাটক ‘তোমাকে আলো ভেবে’, চ্যানেল নাইনে ইমেল হকের ‘সাইলেন্স’ নাটকগুলো প্রচারিত হবে।
কথা হল কুরবানির প্রস্তুতি।
“হাটের ভিড় ঠেলে, দরদাম করে, পছন্দসই গরু কিনে সফলভাবে ফিরে আসা মহা ঝক্কির ব্যাপার! কিন্তু এর মধ্যেও আনন্দ আছে। আসলে ঈদের আগে শুটিংয়ের ব্যস্ততায় ওদিকে তেমন মন দেয়া সম্ভব হয় না। তাই বেশ কয়েক বছর ধরে গরু কেনার দায়িত্ব থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছি। আমি টাকা দিয়ে দিই। পরিবারের যারা এ ব্যাপারে ভালো বোঝে, তারা কিনতে যায়। ফিরে দেখি বাসায় মহা আয়োজন। গরুটাকে খাওয়ানো, যত্ন নেওয়া- অন্যদের তুমুল আগ্রহ দেখে নিজেরও ভালো লাগে খুব।”
ঈদের লাইভ সংগীত অনুষ্ঠানে কণা থাকবেন না তা কি হয় ! কিন্তু এবার সত্যিই কোনো লাইভ অনুষ্ঠানে আসছেন না কণা। পরিবারের সঙ্গে ঈদ করতে কণা যাচ্ছেন দাদাবাড়ি গাজীপুরে।
গ্লিটজকে বললেন, “আমাদের দুই ঈদ দুই স্থানে উদযাপন করা হয়। রোজার ঈদ কাটানো হয় ঢাকায় আর কুরবানির ঈদ গাজীপুরে। আমরা প্রতি বছরই দাদাবাড়িতে কুরবানি দেই। এবারও সেখানে কুরবানি দিচ্ছি। আগে ঈদের বেশ কিছু দিন আগে সেখানে চলে যেতাম। চাচাতো-ফুফাতো ভাই-বোনদের সঙ্গে অনেক দিন পর দেখা হতো। অনেক আনন্দ হতো। অনেকদিন পর তাদের সঙ্গে দেখা হবে। সারাবেলা আমরা আড্ডা দেবো।”
কণা জানান, কুরবানির পর তিনি গ্রামের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করবেন। ঈদের পরদিনই চলে আসবেন ঢাকায়।
হৃদয় খানের কাছে কুরবানির ঈদ মানেই ছিল বাবার সঙ্গে গরু কিনতে যাওয়া।
“গরুর হাটে চলে রমরমা অবস্থা। সেগুলো দেখে ভালো লাগতো। গরু কিনে আমরা কয়েকজন মিলে বাসায় নিয়ে আসতাম। কিন্তু সব গরু তো আর শান্তশিষ্ট নয়। মাঝেমধ্যে হাত থেকে দড়ি ছুটে রাস্তার মধ্যে গরুটা দিত দৌড়। তখন আমাদের অবস্থা কাহিল। কুরবানির ঈদে এ বিষয়টিই সবচেয়ে মজার।”
তবে ছোটবেলার মতো এখন আর গরুর হাটে যেতে পারেন না হৃদয় খান। ব্যাপারীরা ঠিকই চিনে ফেলেন তাকে।
“তখন গরু কিনব কি, নিজের কাছে অস্বস্তি লাগে। অনেকে আবার দাম বাড়িয়ে বলে। কী বিপদ! তাই আর যাওয়া হয় না।”
বরাবরের মতো এবারও ঈদে সর্বাধিক নাটকের অভিনেতাদের কাতারে নাম লিখিয়েছেন অভিনেতা আব্দুন নূর সজল। নাটকের ব্যস্ততায় অনেক অনুরোধের পরও তিনি কোনো টিভি অনুষ্ঠানে যেতে পারেননি।
এ ঈদে এশিয়ান টিভিতে প্রচারিত হবে সজল অভিনীত ‘প্রেমোচ্ছটা’ ও এসএ হক অলিকের ছয় পর্বের ধারাবাহিক ‘কোরবান আলীর কোরবানী’, জিটিভিতে গৌতম কৈরির ‘হাইহিল’, চ্যানেল আইতে ফেরদৌস হাসানের ‘ডিজেল দিন’, একুশে টিভিতে মনজুরুল হক মনজুরের নাটক ‘দ্য প্রমিজ’, আরটিভিতে আলভী আহমেদের ‘অদৃশ্য মানব’, চ্যানেল নাইনে অনন্য ইমনের ‘রঙ ও রং’, মাছরাঙা টিভিতে আলভী আহমেদের ‘চোখে রাখো চোখ’।
সজল জানালেন, তিনি প্রতিবছরই ঈদ পালন করেন ঢাকায়। গরু কিনতে যেতে হয় গাবতলী।
“ সাধারণত ঈদের দুই দিন আগে গরুটা কেনা হয়। বছর কয়েক আগে এ কাজটি আমাকেই করতে হতো। এমন হয়েছে, ঈদের নাটকের শুটিং নিয়ে তুমুল ব্যস্ততা। ওদিকে গরু কেনা হয়নি। বাসার সবারই এ নিয়ে মন খারাপ। আমি করেছি কি, শুটিংয়ের মাঝখানে একটু গ্যাপ পেলে সোজা চলে গেছি গাবতলী হাটে। গরু কিনে বাসায় পাঠিয়ে দিয়ে আবার চলে গেছি শুটিংয়ে। হাটে ঘোরাঘুরি করে আবার বেশি সময়ও নষ্ট করিনি। কয়েকটা গরু দেখে দামদর করে সংক্ষেপে কাজ সেরেছি। এখন এটা নিয়ে আমার চিন্তা না করলেও চলে। কিন্তু ভালো লাগে। নিজে কোরবানির জন্য গরু কিনছি। বাড়তি একটা আনন্দ আছে।”
এ প্রজন্মের অভিনেত্রী ও মডেল মুমতাহিনা টয়া সাজতে ভীষণ ভালোবাসেন। ঈদের নাটকের শুটিংয়ের ব্যস্ততা ছিল, তবুও শপিংয়ের জন্য ঠিকই সময় বের করেছেন। ঈদের জন্য কেনা কমলা রঙের শাড়ি, তার সঙ্গে ম্যাচ করে জুতা, ক্লচ ব্যাগ আর থাইল্যান্ড থেকে আনানো গয়না -টয়ার ঈদ সাজে থাকছে নানা বৈচিত্র্য।
টয়া বললেন, “ঈদ মানে আমার কাছে স্পেশাল দিন। চাঁদরাত পর্যন্ত ঈদের নাটকের শুটিং করছি, কিন্তু ঈদের দিনে সেই ক্লান্তি আমাকে স্পর্শ করতে পারে না। আমি তো এখন প্রতীক্ষায় থাকি ঈদের।”
তবে ছোটবেলার ঈদের আনন্দ আজও ভুলতে পারেন না টয়া, “ছোটবেলার ঈদ ছিল বেশি মজার। প্রতিবার বাবার সঙ্গে গরু কিনতে যাওয়ার জন্য বায়না করতাম, কিন্তু মেয়ে বলে সঙ্গে নিতেন না তিনি। বাসায় গরুটা আসলেই আমার দখলে চলে আসতো। আমি কোরবানির গরুটিকে যত্ন নিয়ে খাওয়াতাম। গায়ে ময়লা থাকলে পরিস্কার করে দিতাম। এখন অবশ্য সেই ব্যাপারগুলো খুব মিস করি।”
এবার টয়া অভিনীত ইমেল হকের ‘নোয়াখালি ভার্সেস চিটাগং’, মিজানুর রহমান আরিয়ানের ‘ফ্যানপেইজ’ ও তানিম রহমান অংশুর ‘ফোরথ নোট’ বিরতিহীনভাবে প্রচারিত হবে গাজী টিভিতে। অনলাইন টিভি চ্যানেল থার্ডবেলে চাঁদ রাতে প্রচার হবে ওয়াসিম সিতারের ‘মিডিয়া গসিপ’। এছাড়া রয়েছে মারুফ মিঠুর ‘ড্রেসকোড লুঙ্গি’ ও মাহমুদ নীলের ‘পেন্ডুলাম’ নাটকগুলো।
পরিবারের কনিষ্ঠতম সদস্য অমৃতার জন্য ঈদ মানে সালামি। গ্লিটজকে বললেন, “ ঈদের দিনে আমাকে সালামি দেয় সবাই। সালামি পেলে মনটার ভেতর ভালও লাগে। সবার মধ্যেই একটা ঈদ ঈদ আনন্দ থাকে। পরিবারের সবাই একসঙ্গে থাকে, এগুলোই মূলত আনন্দের খোরাক জোগায়। এই মানসিক তৃপ্তির জায়গাটুকুই আমার জন্য সবচেয়ে আনন্দময় বিষয়।”
অমৃতার ঈদের সারাবেলা কাটবে বন্ধুদের সঙ্গে।
“আমি অভিনয়ের পাশাপাশি পড়ালেখাও করছি। তাই আমার বন্ধু সার্কেলটা এখনো রয়ে গেছে। তাই আমার ঈদ এখনো খুব আনন্দের। ঈদের দিন বন্ধুরা মিলে ঘুরতে বের হই, অন্য বন্ধুদের বাসায় যাই।"
অভিনেত্রী ও মডেল সাবিলা নূর কুরবানিতে রক্তপাতের বিষয়টি একেবারেই সহ্য করতে পারেন না।
“পশুপাখি কুরবানি, রক্ত আমি একেবারেই সহ্য করতে পারি না। সারাদিন বাসায় থাকবো। মায়ের কাজে সাহায্য করবো। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বের হবো।”
সাবিলার দাদা বাড়ি চট্টগ্রামে। গেল ঈদে দাদাবাড়ি গেলেও এবার যাওয়া হচ্ছে না বলে একটু মন খারাপ তার।
ঈদে কোনো শপিংও করেননি। ঈদ-উল-ফিতরে কেনা নীলরঙা কামিজটি নাকি পড়াই হয়নি। এবার সেই কামিজটি পড়বেন।
সাবিলা বললেন, “রাস্তা-ঘাট বেশ ফাঁকা থাকে ঈদের দিন। তাই রাস্তায় রাস্তায় ঘুরবো আমরা। বন্ধুরা মিলে সিনেমা দেখতে যেতে পারি। জানি না কি কি ছবি মুক্তি পাবে এবার। পছন্দের তারকার ছবি মুক্তি পেলে সেটাই দেখবো। নয়ত বিদেশি ছবি দেখব।”
এ ঈদে মোট চারটি নাটকে দেখা যাবে সাবিলাকে। ঈদের পঞ্চম দিন এসএ টিভিতে ইমরাউল রাফাতের ‘ভূত ও ভবিষ্যত’, অনলাইন টিভি থার্ডবেলে ইমেল হকের ‘পাপী প্রেম’, সাফায়াত মনসুর রানার ‘হোয়াট ইজ লাভ’ নাটকগুলো প্রচারিত হবে।
বিভিন্ন চ্যানেলে নাচের অনুষ্ঠানেও দেখা যাবে সাবিলাকে। এছাড়া ঈদের দিন তার উপস্থাপনার দেশ টিভিতে প্রচারিত হবে ‘বোল্ড ড্রিমারস’ অনুষ্ঠানটি।
চিত্রনায়িকা, মডেল আইরিন বললেন, ঈদের আনন্দ আর আগের মতো অনুভব করেন না।
“আমার কাছে ঈদের আনন্দ এখন আর সেভাবে ধরা দেয় না। ঈদের আনন্দটা শুধু ছোটবেলাতেই মানায়। কারণ, যখনই পড়ালেখা শেষ করলাম, ঠিক তখনই ঈদগুলো যেন কেমন হতে লাগলো। বন্ধুরা না থাকলে হয়তো ঈদে এখন যতটুকু আনন্দ করি, তার কানাকড়িও পেতাম না। ঈদের দিনটিই সবচেয়ে বেশি বোরিং মনে হতো। এখন আর আগের মতো সেই ঘরোয়া আনন্দটা খুঁজে পাই না ঈদে।”
আইরিন আরও বললেন, “অন্যদের মতো আমাদের ঈদও অতি সাধারণ। ঈদের দিন টেলিভিশন খুব একটা দেখতে পারি না, এমনকি নিজের কোনো অনুষ্ঠান থাকলে সেটাও দেখা হয় না। আর যদি কোনো কারণে ঘরে ঈদ কাটাতে হয়, তাহলে ঘরের কাজগুলো সেদিন নিজেই করার চেষ্টা বেশি করি।”
তবে এবারের ঈদে ঠিকই বন্ধুদের নিয়ে ঘুরতে বের হবেন আইরিন। সারাবেলা মেতে থাকবেন হৈ-হুল্লোড়ে।
ছবি-- ফেইসবুক, ও ফাইল ফটো
