মা হতে চলেছেন রুহী
মডেল, অভিনেত্রী দিলরুবা ইয়াসমীন রুহী এবং চলচ্চিত্র পরিচালক মনসুর আলী শুরু করতে চলেছেন জীবনের নতুন অধ্যায়। তাদের পরিবারের যুক্ত হতে যাচ্ছেন একজন নতুন সদস্য।
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক মনসুর আলী ফেইসবুকে লিখেছেন, “এক নতুন অধ্যায়। আনন্দ- সাফল্য-ভালবাসার কত মুহূর্তে মাখামাখি আমাদের এই জীবন। আমি গর্বিত- আনন্দিত যে আমরা জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছি। আলী পরিবারে নতুন অতিথি আসছে, আমরা তারই অপেক্ষায় আছি।”
সন্তানসম্ভবা রুহী গ্লিটজকে তার অনুভূতির কথা জানালেন।
“মা হওয়ার আনন্দ তো বলে বোঝানো যাবে না। আমি সত্যি খুশি। ছোট্ট সোনাটির যত্ন নিয়েই তো ভাবছি আমি। সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষ দিকে আসবে সে। আমার দর্শক-ফলোয়াররা আমার জন্য দোয়া করবেন।”
রুহী এখন লন্ডন-বাংলা চলচ্চিত্র উৎসব কমিটির পরিচালকের দায়িত্ব পালনে ব্যস্ত। লন্ডনে হতে যাওয়া এ উৎসবে ইউরোপ, অস্ট্রেলিয়া ও ভারত থেকে বেশ কটি চলচ্চিত্র জমা পড়েছে বলে জানান রুহী।
“আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাড়া পাচ্ছি। বাংলাদেশ থেকেও বেশ কটি চলচ্চিত্রের ব্যাপারে সাড়া পেয়েছি। সব কিছু গুছিয়ে নিয়ে আমরা খুব শীঘ্রই উৎসবটি আয়োজন করতে যাচ্ছি। আমি আপাতত অনলাইনে সবার খোঁজ নিচ্ছি। মনসুর আমাকে ছুটতে মানা করে দিয়েছে।”
মনসুর আলী পুরো উৎসবের পরিচালকের দায়িত্ব পালন করছেন।
২০১৪ সালের সেপ্টেম্বরে গাঁটছাড়া বাঁধেন ‘সংগ্রাম’ সিনেমার পরিচালক মনসুর এবং অভিনেত্রী রুহী। র্যাম্প ও টিভি নাটকে কাজ করা রুহীর প্রথম চলচ্চিত্র ছিল এটি। রুহী অভিনীত ‘জিরো ডিগ্রি’ ও ‘গ্ল্যামার’ নামে দুটি সিনেমা মুক্তি পেয়ে গেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মায়ানগর’ সিনেমাটি।
