গাইবান্ধার পুষ্পিতা হলো 'ক্ষুদে গানরাজ'
‘ক্ষুদে গানরাজ’ - এর পঞ্চম আসরে সেরা নির্বাচিত হলেন গাইবান্ধার শিশুশিল্পী নুজহাত সাবিহা পুস্পিতা। ৬৫ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট মাথায় পড়েছে সপ্তম শ্রেণীর এই ছাত্রী।
সংগীতভিত্তিক এই রিয়ালিটি শোয়ের চূড়ান্ত আসরের আড়াই ঘণ্টার জমকালো আয়োজনে মঞ্চ নৈপুণ্য, এসএমএসের মাধ্যমে ভোট আর বিচারকদের রায়ে সেরার স্বীকৃতি পেলো পুষ্পিতা। সংগীতশিল্পী রুনা লায়লা স্বয়ং তার মাথায় মুকুট পড়িয়ে দেন।
সেরার স্বীকৃতি পাওয়ার পাশাপাশি পুষ্পিতা জিতে নিয়েছে নগদ পাঁচ লাখ টাকার চেক। একই সঙ্গে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে ১০ বছরের জন্য শিক্ষাবৃত্তি, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সৌজন্যে স্কুলে পড়ার সময় ফ্রি চিকিৎসা সেবা সনদও পেয়েছে সে।
এবারের আসরের প্রথম রানার আপ হয়েছে রায়া শারমিলা ইসলাম রাফতি (বগুড়া)। পুরস্কার হিসেবে সে পেয়েছে তিন লাখ টাকা। দ্বিতীয় রানার আপ হয়েছে মাহফুজ আহমেদ মাহিন, পেয়েছে ২ লাখ টাকা। তারাও পেয়েছে শিক্ষাবৃত্তি ও চিকিৎসা সেবার সুযোগ।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে শুক্রবার রাতের এই জমকালো আসরের সূচনা হয় ঢোল, তবলা ও ভায়োলিনের সংগতের মধ্য দিয়ে।
তারপর মঞ্চে এসে চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, “নানা কারণে আমাদের কাছে সাত সংখ্যাটি ভীষণ গুরুত্বপূর্ণ। ফাইনালের সাত প্রতিযোগীকে আমরা গ্রহণ করে নিচ্ছি। এদের নিয়ে আমরা যেতে চাই বহু দূর।”
এরপর সাধনা একাডেমি একটি দলীয় নাচ পরিবেশন করে। এরপর 'ক্ষুদে গানরাজ'-এর বিগত চার আসরে অংশ নেয়া ঝুমা, প্রান্তি, মালিহা, পায়েল ও হৃদ্য শোনালো লালনগীতি, হাছন রাজার গান এবং রবীন্দ্রসংগীত।
এরপর মঞ্চে এলেন রুনা লায়লা। সংগীত জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে চ্যানেল আই সম্মাননা জানায় রুনা লায়লাকে। সম্মাননা হাতে নিয়ে রুনা লায়লা বলেন, “গানে বয়স ৫০ হয়েছে। কিন্তু আমার বয়স ৩০। সকলের দোয়া থাকলে ৩০-ই থাকতে চাই। আপনাদের আনন্দ দেবার জন্য আমরা গান, নাচ, অভিনয় করি। আপনাদের ভালোবাসা-শ্রদ্ধা- দোয়াই আমার শিল্পী জীবনের বড় পাওয়া।”
এরপর রুনা লায়লার গাওয়া তিনটি গানের সঙ্গে বিশেষ নৃত্য পরিবেশন করেন অপি করিম।
এরপরই মঞ্চে আসে পঞ্চম আসরের সেরা সাত প্রতিযোগী। ময়মনসিংহের মেয়ে মাহিন গাইলো ‘জন্মিলে মরিতে হইবে’, বগুড়ার রাফতি গাইলো ‘এক বরষার বৃষ্টিতে ভিজে’ , কুড়িগ্রামের বিজলী ‘আমারে যে রেখে গেলো’, ঢাকার অর্পিতা গাইলো ‘আমি খাজনা দিবো না’, গাইবান্ধার পুষ্পিতা শোনালো ‘ঐ ঝিনুক ফোটা সাগর বেলায়’, মাদারীপুরের মহারাজা ‘আমি চিরকাল প্রেমেরও কাঙাল’ শোনানোর পর জয়পুরহাটের পায়েল শোনালো ‘ শ্যাম কালিয়া সোনা বন্ধুরে’।
তারপর ‘চ্যানেল আই-সেরা নাচিয়ে’ ইভানা ও তার দলের নৃত্যনাট্যের পর মেহজাবিন ও চিত্রনায়ক বাপ্পি নাচলেন।
সবশেষে পৃথিবীজুড়ে শিশু নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে সাত প্রতিযোগীকে নিয়ে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশন করেন ‘সকাতরে ঐ কাঁদিছে সকলে’ গানটি।
ছবি-- আব্দুল মান্নান দীপ্ত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
