পাকিস্তানে নিষিদ্ধ 'ফ্যান্টম' কেনার হিড়িক
সেন্সর বোর্ড নিষিদ্ধ করে দিলেও ভারতীয় সিনেমা 'ফ্যান্টম' দেখার জন্য আগ্রহের কমতি নেই পাকিস্তানে। শোনা যাচ্ছে পাকিস্তানি দর্শক মহলে 'ফ্যান্টম'- এর চোরাই কপির ভীষণ চাহিদা রয়েছে।
সূত্রের বরাত দিয়ে মুম্বাই মিরর বলছে, ভারতের বাজারে 'ফ্যান্টম'-এর সাফল্য পাকিস্তানি দর্শক মহলেও আগ্রহ সৃষ্টি করেছে। ইতোমধ্যেই সিনেমাটির পাইরেটেড কপি পাকিস্তানের বাজারে ছড়িয়ে পড়েছে। ভালো প্রিন্টের কপির জন্য চাপ দিচ্ছেন পাকিস্তানি দর্শকরা।
সূত্রটি আরও জানায়, পাকিস্তানে 'ফ্যান্টম' নিষিদ্ধ হওয়ার পর থেকেই এর প্রতি দেশটির দর্শকের আগ্রহ ছিল। ভারতের বক্স-অফিসে সফল হবার পর পাকিস্তানি দর্শকের আগ্রহ আরও বেড়ে যায়।
তবে এতে খুশিই হয়েছেন 'ফ্যান্টম'-এর প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।
তিনি বলেন, “পাইরেসি নিঃসন্দেহে আমাদের ব্যবসার জন্য খারাপ। কিন্তু ভারতে সাফল্য পাওয়ার পর পাকিস্তানের দর্শকও 'ফ্যান্টম' দেখতে চাচ্ছেন, বিষয়টি কোনো না কোনোভাবে আমাদের জন্য ইতিবাচক।”
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে হামলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে অ্যাকশন থ্রিলার 'ফ্যান্টম'-এর গল্প। এটি পরিচালনা করেছেন কবির খান, অভিনয় করেছেন সাইফ আলি খান ও ক্যাটরিনা কাইফ।
