২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাকিরার শহরে তার ‘হিপস ডোন্ট লাই’ ভাস্কর্য

‘হিপস ডোন্ট লাই’ গানে যে রূপে ধরা দিয়েছিলেন শাকিরা, সেই অবয়বেই কলাম্বিয়ায় তৈরি করা হয়েছে তার বিশাল ভাস্কর্য।

শাকিরার শহরে তার ‘হিপস ডোন্ট লাই’ ভাস্কর্য

কলাম্বিয়ার ব্যারাংকিইয়া শহরে শাকিরার ভাস্কর্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2024, 01:25 PM

Updated : 02 Jan 2024, 01:25 PM

আবক্ষ ঝাঁকড়া চুল আর গগনমুখী দু-হাত, সেইসঙ্গে খালি পায়ে স্কার্ট আর বক্ষবন্ধনী পরে ‘বেলি ডান্সের’ ভঙ্গিতে জনপ্রিয় পপতারকা শাকিরার এ রূপ ভক্তদের খুবই চেনা।

১৯ বছর আগের ‘হিপস ডোন্ট লাই’ গানে যে রূপে ধরা দিয়েছিলেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী এই তারকা; তার সম্মানে সেই অবয়বেই কলাম্বিয়ায় তার শৈশবের শহর ব্যারাংকিইয়ায় তৈরি করা হয়েছে একটি ভাস্কর্য।

ম্যাগডালেনা নদীর তীরে ব্রোঞ্জের তৈরি সাড়ে ৬ মিটার (২১ ফুট) উচ্চতার এই ভাস্কর্য স্থানীয় সময় মঙ্গলবার উন্মোচন করেন ব্যারাংকিইয়া শহরের মেয়র হেইমা পুমারেহো।

মেয়র বলছেন, শিল্পী ইনো মারকেজ এ ভাস্কর্যের মাধ্যমে লাখ লাখ নারীকে তুলে ধরেছেন, যারা স্বপ্নের লক্ষ্য অর্জনে ছুটে চলে। আর তাদের যে কেউ চাইলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনও করতে পারে।

ভাস্কর্যের পাশেই একটি ফলকে উৎকীর্ণ হয়েছে শাকিরার প্রতি প্রশংসাবাণী। তার দাতব্য প্রতিষ্ঠান ‘পিয়েস দেসকালসস’ (খালি পা) এর কথাও বলা হয়েছে। শাকিরার এই প্রতিষ্ঠানটি কলাম্বিয়ার শিশুদের শিক্ষা ও উন্নয়নে কাজ করে।

২০২৩ সালে তিনটি লাতিন গ্রামি অ্যাওয়ার্ড জয়ী শাকিরা এখন থাকেন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। এই ভাস্কর্য তাকে সম্মানিত করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন শাকিরা।

কলাম্বিয়ায় এটাই শাকিরার প্রথম ভাস্কর্য নয়। এর আগে ২০০৬ সালে তার একটি ভাস্কর্য উন্মোচন করা হয়। সেখানে ফুটিয়ে তোলা হয় তার শৈশবের দিনগুলো।