২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

হাসপাতালে কমল হাসান, উদ্বেগ

চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিয়েছেন এই অভিনেতাকে।

হাসপাতালে কমল হাসান, উদ্বেগ

কমল হাসান

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2022, 07:10 PM

Updated : 24 Nov 2022, 07:10 PM

ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা কমল হাসান হাসপাতালে; খবরটি প্রথমে উদ্বেগ ছড়ালেও পরে জানা গেল, ভর্তির কয়েক ঘণ্টা পর হাসপাতাল থেকে ছাড়পত্র মিলেছে তার। তবে চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিয়েছেন এই অভিনেতাকে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জ্বরে ভুগছিলেন কমল হাসান, এছাড়া কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষারও প্রয়োজন হয়েছিল তার।

তাই বুধবার চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র হাসপাতালে তিনি ভর্তি হয়ে যান। তেমন কোনো জটিলতা না থাকায় দুদিনের পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়ে কমল হাসানকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসকরা।

বর্তমানে কমল হাসানের বেশ ব্যস্ততা চলছে। বিগ বস তামিল সিজন ৬-এর শুটিং নিয়ে তিনি ব্যস্ত। দক্ষিণের জনপ্রিয় এই শো সঞ্চালনার দায়িত্বে আছেন কমল।

কমল হাসানের সর্বশেষ সিনেমা অ্যাকশন থ্রিলার ‘বিক্রম’। বক্স অফিসে ভালো ব্যবসা করা ওই সিনেমায় তার সঙ্গে দক্ষিণ তারকা বিজয় সেতুপতি এবং ফাহাদ ফাসিল অভিনয় করেছেন। 

আগামীতে পরিচালক শঙ্করের ‘ইন্ডিয়ান ২’ সিনেমায় বড় পর্দায় আসছেন কমল হাসান।

এছাড়া দীর্ঘ ৩৫ বছর পর পরিচালক মণিরত্নমের ’কেএইচটুথ্রিফোর’ সিনেমায় কাজ করবেন কমল হাসান, যা মুক্তি পাবে আগামী বছর।

কিছুদিন আগে হায়দরাবাদে বিখ্যাত পরিচালক কে বিশ্বনাথের সঙ্গে দেখা করেন কমল। পরিচালকের বাড়িতে ওই সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরালও হয়।