Published : 18 Feb 2023, 12:19 PM
‘সিক্সটিন এক্স ক্যান্ডেল’ কার্টুন সিরিজের গল্প আর আমেরিকান কমেডি সিনেমা ‘সিক্সটিন ক্যান্ডেল’ এর গল্প এক। সিনেমা এবং কমিকস সিরিজ দুটোই পায় জনপ্রিয়তা। গত শতকের আশির দশকে মুক্তি পাওয়া ওই সিনেমায় দেখা যায়, ষোড়শ জন্মদিনের আগে এক কিশোরী ভেবেছিল, এবার সে তার জীবন নতুন করে শুরু করবে। কিন্তু সেই জন্মদিনের কথা তার পরিবার ভুলে যায়। সেই থেকে শুরু হয় কিশোরীর অভিমান। নানা জটিলতায় জড়িয়ে পড়ে সে।
প্রেম, পরিবারেরর সেকেলে রীতি ও জাদুর থিম নিয়ে তৈরি কমিক সিরিজ ‘ডার্টি ড্যান্সিং উইথ দ্য ওয়ান্ডার ওম্যান’। এই কমিকসে কেন্দ্রীয় চরিত্র ‘বেবি’ নাচতে ভালোবাসে। নাচ শিখতে শিখতে বেবি তার নাচের শিক্ষক জনি ক্যাসলের প্রেমে পড়ে। জনি জাদুও জানতেন। সেই জাদু দিয়ে বেবিকে দিয়ে নানা ধরনের কাজও করিয়ে নেন। এই কমিক সিরিজটির গল্প ও চরিত্রও যুক্তরাষ্ট্রে ১৯৮৭ সালে মুক্তি পাওয়া ‘ডার্টি ডান্সিং’ সিনেমা থেকে নেওয়া। 'ডার্টি ডান্সিং' সিনেমাটি বক্স অফিসে ওই সময়ে সর্বোচ্চ আয়ের সিনেমাগুলোর একটি। এ সিনেমার ‘দ্য টাইম অব মাই লাইফ’ শিরোনামের গানটি ১৯৮৭ সালে সেরা মৌলিক গানের অস্কার জিতে নেয়।
পাঁচ বন্ধুর গল্প নিয়ে কমিক সিরিজ ‘দ্য ব্রেকফাস্ট অ্যাভেঞ্জার্স ক্লাব’। এই সিরিজের পর্বে পর্বে দেখা যায় ক্লাসের দুধর্ষ পাঁচজনকে তাদের শিক্ষক একটি ক্লাসরুমে আটকে রেখেছেন পড়া তৈরির জন্য। শাস্তির আরও অংশ হল কেউ কারও সাথে কথা বলবে না, এমনকি জায়গাও বদল করবে না। কিন্তু পাঁচজন গান গেয়ে, গল্প করে, সিগারেট টেনে এবং নানা ধরনের দুষ্টুমি করে সময় কাটায় আর একে অপরের বন্ধু হয়ে যায়। ওই পাঁচজন তাদের পরিবারের ‘গোপন’ কথাও একে অপরের কাছে ফাঁস করে দেয়। এই কমিকসের চরিত্রদেরই দেখা মেলে ‘ব্রেকফাস্ট ক্লাব’ সিনেমায়।
কমিকস বইয়ের ‘প্রিটি ক্যাটওম্যান’ হল কুখ্যাত চোর সেলিনা কাইল। বিভিন্ন কায়দা কৌশল করে ‘প্রিটি ক্যাটওম্যান’ তার নয়টি রূপ তৈরি করতে পারে, আর সেগুলো ব্যবহার করে রত্ন চুরি করে। তাকে ধরতে এক গোয়েন্দা তৎপর হয় শহরে। দুজনের মধ্যে প্রেমও হয়। ‘প্রিটি ক্যাটওম্যান’ সিনেমাতেও ওই রত্ন চোর ও গোয়েন্দার ইঁদুর-বিড়াল খেলা দেখা যায়।
আমেরিকান কিশোর চলচ্চিত্র ‘টেন থিংস আই হেইট অ্যাবাউট ইউ’ সিনেমা আর একই নামে নির্মিত কমিক সিরিজে দেশটির ‘ডেট’ সংস্কৃতি উঠে এসেছে। এখানে এক কিশোরী ডেটে যেতে চায়, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তার নারীবাদী বড়বোন। কিন্তু নাছোড়বান্দা বোন তার বন্ধুর সাথে ‘ডেট’ করবেই। প্রচলিত নিয়ম আর পারিবারিক বাধার গল্পে এগিয়েছে সিরিজ।
‘স্পাইডারম্যান’ এমন একটি চরিত্র যার জনপ্রিয়তা যুগে যুগে বেড়েছে বই কমেনি। ২০১৬ সালে স্পাইডারম্যানকে নিয়ে নির্মিত ‘ডেডপুল’ সিনেমা থেকে পরে কমিক সিরিজ ও টেলিভিশনের জন্য অ্যানিমেটেড সিরিজ ‘ডেডপুল’ তৈরি হয়।
‘সুপারম্যান’ চরিত্রটির খোঁজ সিনেমার আগে মেলে কমিক বইয়ের পাতায়। ১৯৩২ সালে আমেরিকান লেখক জেরি সিগাল এবং জোই শাস্টার মিলে কমিকসটি বের করেন। পরে এই কমিকের স্বত্ব তারা ডিসি কমিকসের কাছে বিক্রি করেন ১৯৩৮ সালে। ‘সুপারম্যান’ নিয়ে নানা নামে একের পর এক সিরিজ বের করেছে ডিসি কমিকস, তৈরি হয়েছে সিনেমা, টিভি সিরিজও। কখনও সিনেমা আগে এসেছে, কখনওবা কমিকস। সুপারম্যান নিয়ে এমনই একটি কমিক সিরিজ ‘ক্লার্ক কেন্টস ডে অফ’, যা তৈরি হয়েছে সিনেমা থেকে।