২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সালমান শাহর প্রতি ভক্তদের ভালোবাসা কেমন? তুলে ধরবে ‘লাভ ৯৬’

নির্মাতা বলেন, "সালমান শাহর প্রতি ভক্তদের আবেগ এবং নস্টালজিক সময়কে পর্দায় ফিরিয়ে আনার চেষ্টা করেছি।"

সালমান শাহর প্রতি ভক্তদের ভালোবাসা কেমন? তুলে ধরবে ‘লাভ ৯৬’
‘লাভ ৯৬’ সিনেমার দৃশ্য। ছবি: নির্মাতার সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 11:50 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘লাভ ৯৬’।

আগামী ৪ সেপ্টেম্বর পেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

ইভান মল্লিক পরিচালিত সিনেমাটি সম্প্রতি সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে।

নির্মাতা ইভান মল্লিক জানিয়েছেন, সালমান শাহর ২৯তম প্রয়াণ দিবস ৬ সেপ্টেম্বর। দিবসটির সঙ্গে সংগতি রেখে এর ঠিক দুদিন আগে, শুক্রবার সারাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

নির্মাতা বলেন, "এখানে কোনো বিতর্কিত বিষয় নেই; আছে সালমান শাহর প্রতি ভক্তদের আবেগ এবং নস্টালজিক সময়কে পর্দায় ফিরিয়ে আনার চেষ্টা।"

এটি পুরোপুরি প্রেম ও অ্যাকশনধর্মী বাণিজ্যিক সিনেমা বলে জানিয়েছেন পরিচালক। 

তার কথায়, এই সিনেমায় ভক্তরা নায়কের প্রতি তাদের অনুভূতির প্রতিফলন দেখতে পাবেন।

সিনেমাটির গল্প নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে রচিত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। যেখানে ভিসিআরে সিনেমা দেখা, ভিউকার্ড জমানো এবং ক্যাসেট প্লেয়ারে গান শোনার মত আবহ ফুটে উঠেছে। ১৯৯৬ সালে সালমান শাহর আকস্মিক প্রয়াণে যে স্তব্ধতা ও শোক ছড়িয়ে পড়েছিল, তার ওপর ভিত্তি করে এক ভক্তের জীবনের গল্প এতে উঠে এসেছে।

রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিন প্রযোজিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন আরিয়ান খান ও পূর্ণতা। এই জুটির প্রথম সিনেমা এটি।

সিনেমায় আরও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার।

টেলিভিশন নাটক দিয়ে অভিনয় শুরু করা ইমন চৌধুরীর ১৯৯৩ সালে সালমান শাহ নামে চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে দর্শক মনে অমর হন সালমান শাহ।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান। বাংলাদেশের চলচ্চিত্র জগতে সে সময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে।