‘ঝনক ঝনক পায়েল বাজে’ খ্যাত অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম আর নেই
'নবরং', 'দো আঁখে বারাহ হাত', 'সেহরা' 'পিঞ্জরার’ মতো তিনি বেশকিছু জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন।
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম মারা গেছেন। ৯৪ বছর বয়সী এই অভিনেত্রী শনিবার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সন্ধ্যা প্রয়াত চলচ্চিত্র নির্মাতা ভি শান্তারামের স্ত্রী। এই অভিনেত্রী হিন্দি ও মারাঠি দুই ভাষার সিনেমাতেই সমানভাবে কাজ করেছেন।
এনডিটিভি লিখেছে, মহারাষ্ট্র সরকারের তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অশীষ শেলার ইনস্টাগ্রামে এক পোস্টে এই অভিনেত্রীর মৃত্যুর খবর শোক জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘পিঞ্জরা' খ্যাতনামা অভিনেত্রী সন্ধ্যা শান্তারামের প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। হিন্দি ও মারাঠি সিনেমায় তার অভিনয় ও নাচের মাধ্যমে তিনি দর্শকের মনে ছাপ রেখে গেছেন।
"তার ‘ঝনক ঝনক পায়েল বাজে’, ‘দো আঁখে বারাহ হাত’ এবং বিশেষ করে ‘পিঞ্জরা’ সিনেমার অভিনয় দর্শকদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। ঈশ্বর তার আত্মাকে চিরশান্তি দিন।”
অভিনেত্রী সন্ধ্যা শান্তারামের মরদেহ পারেলের রাজকমল স্টুডিওতে নেওয়া হয়েছে। পরিবারের সদস্য, ঘনিষ্ঠজন এবং অনুরাগীদের শেষশ্রদ্ধা জানানোর পর শিবাজি পার্কের বৈকুণ্ঠধামে দাহ সম্পন্ন হবে।
১৯৫১ সালে স্বামী ভি শান্তারাম পরিচালিত মারাঠি সিনেমা 'ভূপালি' দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ১৯৫৫ সালের সঙ্গীতনির্ভর সিনেমা 'ঝনক ঝনক পায়েল বাজে' তে এক কথক শিল্পীর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। প্রশিক্ষিত ক্লাসিকাল নৃত্যশিল্পী সন্ধ্যার সেই অভিনয় প্রশংসিত হয় দেশজুড়ে।
দীর্ঘ অভিনয়জীবনে সন্ধ্যা 'নবরং' (১৯৫৯), 'দো আঁখে বারাহ হাত' (১৯৫৭), 'সেহরা' (১৯৬৩) এবং 'পিঞ্জরার' (১৯৭২) মত কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন।
