Published : 12 Aug 2026, 01:43 PM
একটি লাইভ পারফরমেন্সে মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে দর্শকদের কাঁদিয়েছেন ভারতীয় সংগীতশিল্পী লাকী আলী।
৬৭ বছর বয়সি এই গায়ক বলেছেন, মৃত্যুর জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত এবং ভ্রমণে বের হলেই সঙ্গে রাখেন নিজের কাফনের কাপড়।
এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে জীবন-মৃত্যু নিয়ে কথা বলেন তিনি।
কয়েক প্রজন্মের শ্রোতাদের কাছে লাকী আলীর অবস্থান ‘দৃঢ়’, তিনি বহু মানুষের কাছে কেবল একজন গায়ক নন, তাদের নানা বয়সের স্মৃতির একটি অংশও।
মঞ্চে দাঁড়িয়ে লাকী আলী বলেন, “আমি আপনাদের মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলছি না। কিন্তু আমি শেষযাত্রার জন্য প্রস্তত। একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে।”
সেখানেই তিনি নিজের সঙ্গে কাফনের কাপড় রাখার সঙ্গে রাখার কথাও জানিয়েছেন।
হজ পালনের সময় পুরুষেরা যে সাদা পোশাক পরেন, সেই ইহরামই তিনি ভ্রমণের সময় সঙ্গে রাখেন।
“আমি যখনই কোথাও যাই, ইহরাম সঙ্গে থাকে। এটিই আমার কাফনের কাপড়। যেখানে আমার মৃত্যু হবে, সেখান থেকেই আমাকে যেতে দিও।”
লাকী আলীর এই কথার দর্শকরা নিজেদের আবেগ ধরে রাখতে পারেনি।
ইনস্টাগ্রামে গায়কের বলা কথাগুলোর ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওর মন্তব্যের ঘর উপচে পড়েছে গায়কের ভক্তদের আবেগঘন বক্তব্যে।
একজন লিখেছেন, "৩০ বছর হয়ে গেছে, আমি লাকির গান শোনা ছাড়িনি।"
কেউ ফিরে যান নিজের কৈশরের স্মৃতিতে, যখন তারা ডুবে থাকতেন গায়কের গানে। কেউ আবার গায়কের দীর্ঘায়ু এবং সুস্থতার জন্য প্রার্থনা করেন।
এক অনুরাগী লিখেছেন, তিনি এই বাস্তবতাকে মেনে নিতে রাজি নন। তার কাছে এখনও যেন নব্বইয়ের দশকের শেষ সময়, দূরদর্শনে লাকি আলীর গান দেখার সেই দিনগুলো উজ্জ্বল।
“লাকি আলী এখনও সেই তরুণ, যাকে সময় কোনওদিন বদলাতে পারেনি”, মন্তব্য আরেক ভক্তের।
কেউ লিখেছেন, ছোটবেলা থেকেই লাকীর গান শুনে বড় হয়েছেন। তাই প্রিয় শিল্পীর মুখে মৃত্যুর কথা শুনতে তাদের কষ্ট হয়েছে।
নিজের যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে ওই ভক্ত বলেন, সামনে তার জন্য আরও অনেক গান ও স্মৃতি অপেক্ষা করছে বলে বিশ্বাস তার।
নব্বইয়ের দশকে লাকী আলীর গান এক প্রজন্মের সঙ্গী হয়ে উঠেছিল। ব্যতিক্রমী গায়কীতে তার আবির্ভাব শুরুতেই সাড়া তোলে।
পরবর্তীকালে বলিউডের একাধিক সিনেমাতে তার গাওয়া গান পায় তুমুল জনপ্রিয়তা। লাকীর গাওয়া ‘ও সনম’ গানটি জনপ্রিয় হয়। এছাড়া ‘এক পল কা জিনা’, ‘না তুম জানো না হাম’, ‘সফরনামা’সহ আরও কিছু গান তিনি গেয়েছে, যা তাকে স্বতন্ত্র শিল্পী হিসেবে দাঁড় করিয়েছে।
তবে একটা সময় মূলধারার বলিউড থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। অভিনয় এবং প্লেব্যাক গানের জগত থেকে বেরিয়ে নিজের মত করে গান তৈরি করার পথ বেছে নেন।
গেল বছর এক সাক্ষাৎকারে গায়ক বলেছিলেন, তার সরে আসার কারণ ছিল, একটা পর্যায়ের পর আর বুঝতে পারছিলেন না, এরপর কী করবেন। নিজের মতো করে গান গাওয়ার তাগিদ থেকেইজন্ম নেয় ‘ও সনম’ গানটি।
এছাড়া প্লেব্যাক নিয়েও একঘেয়েমিতে ভুগছিলেন তিনি। তার মধ্যে হারান বাবাকে। যে বাবা ছিলেন তার অভিনয়ের অনুপ্রেরণা। সে সময় গভীর অবসাদে ডুবে যান, লাকী আলী ভাবতে শুরু করেন জগতে বোধহয় তার জন্য আর কিছুই অবশিষ্ট নেই।