Published : 02 Jan 2026, 10:02 PM
তানভীর মোকাম্মেল রচিত ‘লুৎফার প্রদীপ’ নাটক মঞ্চে নিয়ে আসছে সাংস্কৃতিক সংগঠন ‘সমতল’।
শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকার নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এই নাটকের উদ্বোধনী প্রদর্শনী হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রদর্শনী উদ্বোধন আনুষ্ঠানিকতায় উপস্থিত থাকবেন বর্ষীয়ান অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার।
একক চরিত্রের নাটক ‘লুৎফার প্রদীপ’ মঞ্চে নির্দেশনা দিচ্ছেন সগীর মোস্তফা।
নাটকের একক চরিত্রে অভিনয় করবেন অভিনয়শিল্পী চিত্রলেখা গুহ।
শিল্প-নির্দেশনা ও আলোক পরিকল্পনায় আছেন উত্তম গুহ। আবহসঙ্গীত ও শব্দ পরিকল্পনায় সৈয়দ সাবাব আলী আরজু এবং পোশাক পরিকল্পনায় ওয়াহিদা মল্লিক জলি।
একই দিন রাত ৮টায় মহিলা সমিতির মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।