Published : 28 Jan 2026, 09:40 PM
অক্ষয় কুমার ও টুইঙ্কলে খান্না বিয়ের পিঁড়িতে বসার আগে জামাতাকে সতর্ক করে কিছু কথা বলেছিলেন অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া।
শাশুড়ির কথা সে সময় অক্ষয়ের কাছে মজার কিছু মনে হলেও পরে তা অক্ষরে অক্ষরে মিলে যায় বলেও জানিয়েছেন তিনি।
২০০১ সালে টুইঙ্কেলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা। কদিন আগে ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন এই দম্পতি।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে সোশাল মিডিয়ায় একটি পোস্টে অক্ষয় বলেন, “প্রথম দিন থেকে এই ২৫টা বছর ধরে, প্রতিটা মুহূর্তে যে আমাকে হাসিয়েছে। কখনও আবার তার কারণে উদ্বেগও হয়েছে। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা টিনা (টুইঙ্কেলের ডাক নাম)। ঠিক ২৫ বছর আগে শাশুড়িমা বলেছিলেন, ‘প্রস্তুত হয়ে যাও। এ বার এমন এমন মুহূর্তে ও হাসবে, যেখানে তুমি অস্বস্তিতে পড়বে।’ আর ঠিক সেটাই হয়েছে।’’
এমন রসিকতা করেই একসঙ্গে ২৫ বছর পার করার আনন্দ সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন অভিনেতা।
তবে টুইঙ্কেল নাকি তাকে জীবনের একটি মুহূর্তের জন্যও দুঃখ দেননি বলেও অক্ষয় বলেছেন।
একটি ম্যাগাজিনের ফটোশুটে এই জুটির প্রথম দেখা। এরপর অক্ষয়–টুইঙ্কেলকে প্রথম একসঙ্গে বড় পর্দায় দেখা গেছে ‘ইন্টারন্যশনাল খিলাড়ি’তে। বর্তমানে দুই ছেলে-মেয়েকে নিয়ে তাদের সংসার।