২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ঢাকায় শুক্রবার পর্দা উঠছে কবীর-লালন ভাবসংগীত উৎসবের

শুক্রবার থেকে এই উৎসব শুরু হয়ে চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 09:02 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

সন্ত কবীর ও লালন ফকিরের দর্শন, ভাবধারা এবং সংগীতের নানা দিক নিয়ে দেশের আট বিভাগে শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই উৎসব চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব আয়োজন করেছে লালন বিশ্বসংঘ।  

রাজধানীতে শিল্পকলা একাডেমির মাঠে হবে শুক্রবার এই উৎসবের উদ্বোধনী আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। উৎসবের উদ্বোধন করবেন সংসদ সদস্য ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকায় ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।    

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লালন বিশ্বসংঘের চেয়ারম্যান অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য দেবেন সংগঠনটির প্রধান নির্বাহী আবদেল মাননান।  

উদ্বোধনী আয়োজনে কবীর ও লালনের দর্শন, ভাবধারা এবং সংগীতের নানা দিক নিয়ে আলোচনা করবেন দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও সাধকরা। কবীর ও লালন বিষয়ে নানামাত্রিক দৃষ্টিকোণ থেকে বক্তব্য দেবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ও উচ্চাঙ্গ সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপ, সাধক ফকির আবুল হোসেন শাহ, সাধক নিঝুম পাইনকা, এম কে রায় এবং গবেষক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

আলোচনার পাশাপাশি উৎসবে থাকবে কবীর-লালনের ভাবসংগীত পরিবেশনা। কবীরপন্থি, রবিদাসপন্থি ও নানকপন্থি শিল্পীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ এবং কবীর-লালন মিউজিক্যাল মিশনের শিল্পীরা এতে সংগীত পরিবেশন করবেন।

ঢাকার উদ্বোধনী আয়োজনের পর পর্যায়ক্রমে অন্যান্য বিভাগে অনুষ্ঠিত হবে উৎসবের পরবর্তী পর্ব।

এর মধ্যে ১৮ সেপ্টেম্বর বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, ১৯ সেপ্টেম্বর খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, ২৫ সেপ্টেম্বর শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, ২ অক্টোবর রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এবং ৪ অক্টোবর রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হবে উৎসবের অনুষ্ঠান।

এ ছাড়া ২৩ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এবং ৩০ অক্টোবর সিলেট বিভাগের শ্রীমঙ্গল জেলা পরিষদ মাল্টিপারপাস মিলনায়তনে অনুষ্ঠিত হবে উৎসবের শেষ দুই পর্ব।