১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টরন্টো উৎসবে 'পোট্রেট অব আ ডিরেক্টর: তানভীর মোকাম্মেল'

তানভীর মোকাম্মেলকে নিয়ে নির্মিত এই অটোবায়োগ্রাফি দেখা যাবে উৎসবের দ্বিতীয় দিন।

টরন্টো উৎসবে 'পোট্রেট অব আ ডিরেক্টর: তানভীর মোকাম্মেল'
'পোট্রেট অব অ্যা ডিরেক্টর: তানভীর মোকাম্মেল' সিনেমার পোস্টার। ছবি: অপরাজিতা সংগীতার সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 12:54 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

তিনি কখনো শুনিয়েছেন দেশভাগের গল্প, কখনো মুক্তিযুদ্ধের কথা, কখনো দেশের হারিয়ে যাওয়া নদীর গতি ও প্রকৃতির কথা। ‘হুলিয়া’, ‘লালসালু’, ‘চিত্রা নদীর পাড়ে’সহ আর বহু সিনেমা ও প্রামাণ্যচিত্র বানিয়ে তিন দশকের বেশি সময় ধরে নির্মাণে রাখছেন অবদান। তিনি চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল। 

চলচ্চিত্র শিল্পের সঙ্গে এই পরিচালকের চলার পথের গল্প তুলে ধরতে এবার তাকে নিয়ে বানানো একটি অটোবায়োগ্রাফি দেখানো হবে কানাডার টরন্টোতে।

'পোট্রেট অব আ ডিরেক্টর: তানভীর মোকাম্মেল' নামের আত্মজীবনীমূলক চলচ্চিত্রটি দেখানো হবে টরন্টোর 'অষ্টম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভালে', উৎসবের দ্বিতীয় দিনে।

এই খবর গ্লিটজকে দিয়েছেন এই সিনেমার পরিচালক অপরাজিতা সংগীতা । 

সিনেমার এই উৎসব শুরু হবে টরন্টোর সিনেপ্লেক্স ওডেন এগলিন্টন টাউন সেন্টারে রোববার থেকে; চলবে আগামী ২৮ অগাস্ট পর্যন্ত। তানভীর মোকাম্মেলকে নিয়ে নির্মিত এই সিনেমা দেখা যাবে উৎসবের দ্বিতীয় দিন।  

সংগীতা গ্লিটজকে তিনি বলেন,"'পোট্রেট অব আ ডিরেক্টর: তানভীর মোকাম্মেল' সিনেমায় তানভীর মোকাম্মেলের জীবন, কর্ম এবং চলচ্চিত্রে তার অবদানের উপর আলোকপাত করা হয়েছে। এতে তার পারিবারিক পটভূমি, শিল্প, সাহিত্য, চলচ্চিত্র বিষয়ে তার প্রাথমিক অভিজ্ঞতা, চলচ্চিত্র নির্মাণে তার অভিজ্ঞতার প্রভাব এবং চলচ্চিত্র নির্মাণের গল্প স্থান পেয়েছে।"   

‘লালসালু’, ‘চিত্রা নদীর পারে’, 'লালন'সহ বহু সিনেমার নির্মাণ যাত্রা তুলে ধরা হয়েছে 'পোট্রেট অব অ্যা ডিরেক্টর: তানভীর মোকাম্মেল' সিনেমায়। 

সংগীতা বলেন,"স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে যাত্রা শুরু করে পরবর্তীতে তানভীর মোকাম্মেল যতগুলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন, তা নিয়ে আলোচনা করা হয়েছে সিনেমায়। এই চলচ্চিত্রটি একজন সিনেমাটিক কিংবদন্তি হিসেবে তার অবস্থানকে আরও দৃঢ় করে তুলেছে। তানভীর মোকাম্মেলের কাজ এবং বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস সম্পর্কে আগ্রহী যে কারও জন্য এই চলচ্চিত্রটি একটি মূল্যবান সম্পদ।" 

এই উৎসবের মধ্য দিয়ে সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার হতে যাচ্ছে। 

এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সংগীতা বলেন, "এটা আমার জন্য ভীষণ আনন্দের, তানভীর মোকাম্মেল আমার শিক্ষাগুরু। উনার জন্য আমি নিজেকে চলচ্চিত্র নির্মাতা হিসাবে পরিচয় দিতে পারি, তিনি আমাকে শিখিয়েছেন চলচ্চিত্র কোনো বিনোদন মাধ্যম নয়, এটা একটা শিল্প মাধ্যম।"  

'অষ্টম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভালে' দেখা যাবে বাংলাদেশের আরও চার সিনেমা। সিনেমাগুলো হল মুক্তিযুদ্ধের সিনেমা ‘১৯৭১: সেই সব দিন’, ‘আম কাঁঠালের ছুটি’, ‘আগন্তক’ ও 'নয়া মানুষ'। 

টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে ২০১৭ সাল থেকে প্রতিবছর এ চলচ্চিত্র উৎসব হয়ে আসছে।

এবারের উৎসবে ২৮ দেশের ৪৭টি চলচ্চিত্র দেখানো হবে। 

আরও পড়ুন:

টরন্টো ফেস্টিভালে বাংলাদেশের ৪ সিনেমা