Published : 22 Jun 2026, 01:37 PM
ভারতীয় সংগীত পরিচালক, গায়ক প্রীতম চক্রবর্তী এবার এক অন্য সফরের ইংগিত দিয়েছেন। তবে সেই সফরে সিনেমা সংশ্লিষ্ট সুর-সগীত থাকবে, নাকি বিদায় জানানো হবে তা নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন তিনি।
আনন্দবাজার লিখেছে, গেল ১৪ জুন প্রীতমের জন্মদিনে তার এক পোস্ট ঘিরে কৌতুহল তৈরি হয়। যে পোস্ট দেখে অনুরাগীরা মনে করেছেন গায়ক অরিজিৎ সিংয়ের মত প্রীতমও তার প্লেব্যাক ক্যারিয়ার শেষ করতে চলেছেন।
প্রীতম লিখেছিলেন, “সকলের ভালবাসা পেয়ে আপ্লুত। জীবনে অনেক কিছু হারিয়েছি। তাই এই জন্মদিনে নিজেকে কিছু উপহার দিতে চাই। নতুন একটা সফর শুরু করার সময় এসেছে। অনেক দিন ধরেই ভাবছিলাম, এই সিদ্ধান্তটা নেব। মূলধারার রাস্তাটা খুবই ভালো। তবে অপ্রত্যাশিত অজানা রাস্তায় হাঁটতে সব সময়ে অন্যরকম লাগে।’’
এর পরেই জল্পনা তৈরি হয়। তবে প্রীতমের এক ঘনিষ্ঠজন কলেছেন তিনি মোটেও সংগীতজগৎ ছাড়ছেন না। তিনি অবশ্যই কাজ চালিয়ে যাবেন। পোস্টে তিনি বোঝাতে চেয়েছেন যে, তার আরও কিছু আগ্রহের ক্ষেত্র রয়েছে। সেই ক্ষেত্রগুলিকে এবার তিনি এখন গুরুত্ব দিতে চান। এর মানে এই নয় যে, তিনি চিরদিনের জন্য গানের ভূবন ছেড়ে দিচ্ছেন।
কিছু দিন আগে এক সাক্ষাৎকারে প্রীতম খোলাখুলি জানিয়েছিলেন, কেন অরিজিৎ প্লেব্যাক গাওয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। দীর্ঘদিনের কাজের চাপ এবং মানসিক ক্লান্তিই ছিল এই সিদ্ধান্তের মূল কারণ, এমনই দাবি প্রীতমের।
প্রীতম সেই সাক্ষাৎকারে আরও বলেছিলেন, তিনি নিজেও গত এক বছর ধরে অবসর নেওয়ার কথা ভাবছেন। মজার ছলে তিনি নাকি অরিজিৎকে এক দিন বলেছিলেন, অবসর নিলে দুজনে একসঙ্গে জিয়াগঞ্জ ও তারাপীঠে যাবেন। সেই কথার পরেই অরিজিৎ হঠাৎ প্লেব্যাক গাওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।