১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জয়া ও শুভর সিনেমাসহ আরও যা চলছে ওটিটিতে

চলুন, ঢুঁ মেরে আসা যাক ওটিটির সিরিজ ও সিনেমার খবরে।

জয়া ও শুভর সিনেমাসহ আরও যা চলছে ওটিটিতে
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত সিরিজ ও সিনেমার পোস্টার

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 10:23 AM

Updated : 10 Sep 2026, 12:46 PM

ওটিটি প্ল্যাটফর্মগুলোতে এসেছে তারকাবহুল ও আলোচিত বেশ কিছু নতুন কনটেন্ট। আইস্ক্রিনে এসেছে আরেফিন শুভর ‘নীলচক্র’, হইচইয়ে দেখা যাচ্ছে জয়া আহসান অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’।  

নেটফ্লিক্সে প্রকাশ পেয়েছে বহু প্রতীক্ষিত ‘দিল্লি ক্রাইমের’ তৃতীয় মৌসুম এবং একই প্ল্যাটফর্মে এসেছে অক্ষয় কুমারের ‘জলি এলএলবি থ্রি’।  

চলুন, ঢুঁ মেরে আসা যাক ওটিটির সিরিজ ও সিনেমার খবরে।  

শুভ ও মন্দিরার ‘নীলচক্র’

অভিনেতা আরেফিন শুভর ‘নীলচক্র: ব্লু গ্যাং’ সিনেমাটি দেখাচ্ছে আইস্ক্রিন। মিঠু খানের পরিচালনায় এই চিত্রনাট্য তরুণ প্রজন্মের প্রযুক্তি নির্ভরতা থেকে অপরাধে জড়িয়ে পড়ার গল্প বলা হয়েছে। যেখানে দেখাচ্ছে দুই বছরে ইন্টারনেটে ১৬ তরুণীর ব্যক্তিগত ভিডিও ফাঁস, একের পর এক আত্মহত্যা, পুরো ঘটনাই একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের; উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে ভিডিওগুলো। 

এর পেছনে কি বড় একটি চক্র রয়েছে? কী চায় তারা? সেসব অনুসন্ধানে এক পুলিশ কর্মকর্তার মরিয়া ভূমিকায় এগিয়ে যাবে সিনেমার গল্প।   

এতে শুভ ছাড়াও আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, প্রিয়ন্তী উর্বী, পারভীন পারু, মনির আহমেদ শাকিল, নাজমা আনোয়ারসহ অনেকে। চলতি বছরের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল সিনেমাটি। 

কুসুম ও শশী ডাক্তারের 'পুতুলনাচের ইতিকথা' 

জয়া আহসানের ও আবীর চট্টোপাধ্যায়ের সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটি দেখাচ্ছে হইচই। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন সুমন মুখোপাধ্যায়। 

সিনেমার চিত্রনাট্য সাজানো হয়েচে ত্রিশের দশকের শেষ ভাগ থেকে চল্লিশের দশকের শুরুর দিকের প্রেক্ষাপটে। মূল উপন্যাসে সময়টা ছিল আরও পেছনের। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। শশী ডাক্তার হয়েছেন আবীর চট্টোপাধ্যায় আর কুমুদ চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

আরও অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়সহ অনেকে। পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে গত অগাস্টে মুক্তি পেয়েছিল ‘পুতুলনাচের ইতিকথা’।  

দিল্লি ক্রাইমের তৃতীয় মৌসুম 

আলোচিত হিন্দি সিরিজ ‘দিল্লি ক্রাইম' সিরিজের নতুন মৌসুম এসেছে নেটফ্লিক্সে। পরিচালক তনুজ চোপড়ার পরিচালনায় এতে অভিনয় করেছেন শেফালি শাহ, রাজেশ তাইলাং, রাশিকা দুগাল, অনুরাগ অরোরা, হুমা কুরেশি, জয়া ভট্টাচার্যসহ অনেকে। 

দিল্লি ক্রাইমের এ সিজনের বিষয় নারী ও শিশু পাচার। এবারও সত্য ঘটনা অবলম্বনে সাজানো হয়েছে গল্প। ২০১২ সালে দিল্লিতে ঘটে যাওয়া শিশু পাচার ও নির্যাতনের ঘটনা তুলে আনা হয়েছে, যা তখন ব্যাপক আলোচিত হয়েছিল। 

এবারও তদন্ত কর্মকর্তা হিসেবে আছেন শেফালি শাহ, আর পাচারকারী চরিত্রে যুক্ত হয়েছেন হুমা কুরেশি। যিনি সব সময় পুলিশের চেয়ে এক ধাপ এগিয়ে থাকেন। দুই নারীর মধ্যে মানসিক ও কৌশলগত এক রুদ্ধশ্বাস সংঘর্ষই এগিয়ে নিয়ে যাবে সিরিজটি।   

২০১৯ সালে নেটফ্লিক্সে মুক্তির পর আলোচনার জন্ম দেয় ‘দিল্লি ক্রাইম’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ক্রাইম ড্রামা সিরিজটি জিতে নেয় আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস। দ্বিতীয় মৌসুমও পায় দর্শক-সমালোচকদের প্রশংসা। 

অক্ষয় ও আরশাদের কোর্টরুম ড্রামা 'জলি এলএলবি থ্রি' 

নেটফ্লিক্সে দেখা যাচ্ছে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি অভিনীত বহুল প্রতীক্ষিত কোর্টরুম ড্রামা সিনেমা 'জলি এলএলবি থ্রি'। সুভাষ কাপুর পরিচালনায় সিনেমায় আরও অভিনয় করেছেন সৌরভ শুক্লা, খরাজ মুখোপাধ্যায়, অমৃতা রাওসহ অনেকে।  

এই সিনেমার চিত্রনাট্যে দেখাচ্ছে,  একটি বড় প্রকল্পের জমি অধিগ্রহণের কবলে পড়ে সর্বস্ব হারায় কৃষক রাজারাম সোলঙ্কি, আত্মহত্যা করে বসেন তিনি। তার স্ত্রী জানকি মামলা করেন ধনী ব্যবসায়ী হরিভাই খেতানের বিরুদ্ধে। কিন্তু আদালতে উপেক্ষিত হন তিনি। 

এ ঘটনার কয়েক বছর পর মামলাটি আসে আইনজীবী জলির কাছে। আদালত চত্বরে জলি নামে দুজন আছে, এক চরিত্রে অক্ষয়, অন্য চরিত্রে ওয়ারসি। দুজনের মধ্যে সারাক্ষণ দ্বন্দ্ব লেগে থাকে। প্রথমে বিরোধিতা দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত দুই জলি মিলে ন্যায়ের জন্য একত্রে লড়াই করেন। গত ১৯ সেপ্টেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি।