১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গানে-কথায় ভূপেন হাজারিকা স্মরণ

বরণ্যে এ শিল্পীর ১১তম প্রয়াণ দিবসে এ আয়োজন করে শিল্পকলা একাডেমি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2022, 10:54 PM

Updated : 05 Nov 2022, 10:55 PM

উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী ভূপেন হাজারিকার প্রয়াণ দিবসে শিল্পকলা একাডেমিতে হয়ে গেল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আয়োজনে বাংলাদেশি শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন লিয়াকত আলী লাকী, ইয়াসমিন আলী ও দিলবাহার খান।

আলোচনায় অংশ নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল, ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রধান সমন্বয়কারী এ এস এম শামসুল আরেফিন, কণ্ঠশিল্পী মনীষা হাজারিকা ও ব্যতিক্রম মাসদোর সভাপতি সৌমেন ভারতীয়া।

অনুষ্ঠানে দুটি সমবেত সঙ্গীত পরিবেশন করে ঢাকা সাংস্কৃতিক দল। সমবেত নৃত্য ‘আজ জীবন খুঁজে পাবি’ এবং ‘সাঁজিয়ে দু'পাটি মাথার খোপাটি’ পরিবেশন করে একাডেমির নৃত্যদল।

একক সঙ্গীত ‘বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের’, ‘দোলা হে দোলা’, ‘দিল হুম হুম করে’, ‘উই আর দ্য সেম বোট ব্রাদার’ পরিবেশন করেন ভারতের আসাম থেকে আসা ময়ূখ হাজারিকা। 

একক সঙ্গীত ‘সবার হৃদয়ে রবীন্দ্রনাথ’ ও ‘আমি এক যাযাবর’ পরিবেশন করেন মিসমি বোস; ‘মানুষ মানুষের জন্য’ পরিবেশন করেন মাঈনু দেবী।

একক সঙ্গীত ‘তুমি নতুন পুরুষ, তুমি নতুন নারী’ এবং ‘হৃদয়ের ব্যথা বিরহের কথা’ পরিবেশন করেন গীতাঞ্জলি কাকতি এবং দ্বিপশিখা ভরালি পরিবেশন করেন ‘রঙিলা বাঁশিতে’।

২০১১ সালের ৫ নভেম্বর ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের প্রখ্যাত এই কণ্ঠশিল্পী। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্মবিভূষণে সম্মানিত এই শিল্পী গান গাওয়ার পাশাপাশি একজন কবি, গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা হিসেবেও সুখ্যাতি অর্জন করেন।