Published : 23 Nov 2025, 10:02 AM
সকালটা স্বাভাবিকভাবেই শুরু হয়, কিন্তু কখনো কখনো একটি গান দিনের রঙ বদলে দিতে পারে। কোক স্টুডিও বাংলায় কিংবদন্তী শিল্পী রুনা লায়লার ‘মাস্ত কালান্দার’ গানটি শুনে এমনই সুন্দর অভিজ্ঞতা হওয়ার কথা বলেছেন অভিনেতা আফজাল হোসেন।
‘মাস্ত কালান্দার’ গানটি শুনে শুক্রবার এক ফেইসবুক পোস্টে আফজাল হোসেন লিখেছেন, “সকালটা সুন্দর হয়ে গেল। রোজ অপ্রয়োজনীয় বিষয়, ভুল ভাবনা ও মন্দ চর্চায় দিন কাটে আমাদের।”
রুনা লায়লাকে ‘একজন অসাধারণ শিল্পী’ হিসেবে বর্ণনা করে আফজাল লিখেছেন, “অল্প কথায় এটাই তার পুরো পরিচয়। সে পরিচয় এতটা বড় যে, শিল্পী পরিচয়ের আলোতে আলোকিত হতে পারে একটা পুরো দেশ। তিনি এমন একমাত্র শিল্পী, যিনি পাকিস্তান এবং ভারতের শ্রোতাদের কাছেও সমানভাবে জনপ্রিয় এবং সন্মানিত।
সেই সঙ্গে আফজাল প্রশ্ন তুলেছেন, “এমন শিল্পীর বিষয়ে আমরা কতটুকু মনোযোগী”
কিছুদিন আগে রুনা লায়লার জন্মদিন উদযাপন নিয়ে আফজাল হোসেন লিখেছেন, দেশের টেলিভিশন স্টেশনগুলো যেভাবে বিশেষ আয়োজন করেছে, তা শুধু উৎসব নয় এটি শিল্পীকে শ্রদ্ধা জানানোর দায়িত্ববোধের নিদর্শন।
কোক স্টুডিও বাংলার গানে রুনা লায়লার প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের এই দৃষ্টান্ত ‘আশাবাদী করে’ আফজালকে।
তিনি লিখেছেন, “কোক স্টুডিওতে যেভাবে রুনা লায়লাকে উপস্থাপন করা হয়েছে, তা শুধু গান শোনা নয়, বরং তার প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন। ভালোবাসা, শ্রদ্ধা ও যত্নের এই আয়োজন আমাদের আনন্দ দেয়, আশা জাগায়।”
অভিনেতার ভাষ্য, “মাঝে মাঝে আমাদের জীবনটা অন্ধকারে ডুবে থাকে। কিন্তু এমন শিল্পী দেশের মঞ্চে থাকায় আচমকা বিস্ময়, আনন্দ ও প্রাণের উষ্ণতা ফিরে আসে।
“নতুন করে প্রাণ পাওয়া রুনা লায়লা ও ‘মাস্ত কালান্দার’ জীবনে যোগ করেছে নতুন বিস্ময়, আলাদা রঙের আনন্দ। আমাদের প্রেমে, শ্রদ্ধায় আপনি দীর্ঘায়ূ হোন, রুনা লায়লা।”
কোক স্টুডিও বাংলার প্রযোজনায় রুনা লায়লার জনপ্রিয় গান ‘মাস্ত কালান্দর’ নতুন উপস্থাপনায় প্রকাশ্যে এসেছে গত সপ্তাহে। এতে চিরায়ত কাওয়ালির আধ্যাত্মিক সুর, বাংলার লোকজ ভাব ও আধুনিক সংগীতের মিশ্রণ ঘটেছে।
রুনা লায়লা মনে করেন, কোক স্টুডিও বাংলার আয়োজনে ‘মাস্ত কালান্দর’ গানের নতুন এই উপস্থাপনা তার গাওয়া কালজয়ী সংস্করণটিকে আবারও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে।
তিনি বলেন, “মাস্ত কালান্দর সবসময়ই আমার হৃদয়ের খুব কাছের একটি গান। নতুনভাবে, তরুণ শিল্পীদের সঙ্গে আবার গানটি গাইতে পেরে আমি আনন্দিত। প্রজন্ম–পরম্পরায় গানটির নতুনভাবে ফিরে আসা আমাকে আনন্দ দিয়েছে।”