Published : 21 Jan 2026, 10:52 AM
এক যুগ পর ‘মাওলা’ শিরোনামে নতুন অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী বালাম। ছয়টি গানের এই অ্যালবাম নিয়ে রোজার ঈদ ঘিরে প্রচারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এই শিল্পী।
বালাম গ্লিটজকে বলেন, “গানগুলোর কাজ চলছে, মিউজিক ভিডিও তৈরি হচ্ছে। নতুন এই অ্যালবামটিতে গানের বৈচিত্র্য থাকবে। বিভিন্ন বয়সী শ্রোতাদের গানগুলো ভালো লাগবে।”
‘মাওলা’ বালামের পঞ্চম একক অ্যালবাম।
অ্যালবামের নামকরণ প্রসঙ্গে এই শিল্পী বলেন, “অ্যালবামে ‘মাওলা’ শিরোনামের গান আছে, যেটা সুফি ধারার গান। এই গানটি কোভিড মহামারী সময়কে কেন্দ্র করে তৈরি। আমার মনে হয়েছে, গানটি এখনও অনেক প্রাসঙ্গিক। তাই গানটির নামে নতুন অ্যালবাম।”

বালাম এর আগে ‘বালাম’ (২০০৭), ‘বালাম ২’ (২০০৮), ‘বালাম ৩’ (২০১০) ও ‘ভুবন’ (২০১৩) নামে চারটি অ্যালবাম প্রকাশ করেছিলেন।
এসব অ্যালবামের বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা পায়। যার মধ্যে আছে ‘এক মুঠো রোদ্দুর’, ‘নেশা’, ‘একাকী মন’, ‘তোমার জন্য’, ‘নুপুর বাজে’, ‘সঙ্গী হবে কি’, ‘রিমঝিম’, ‘অপরূপা’।
গেল বছরের ঈদে মুক্তি পাওয়া ‘নীলচক্র’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে এই শিল্পীকে। অভিনয়ের পাশাপাশি সিনেমার দুটি গানের সুর ও সংগীত পরিচালনায় ছিলেন এই শিল্পী।
দীর্ঘ বিরতির পর এই শিল্পী ২০২৩ সালে ‘ও প্রিয়তমা’ গানটি গেয়ে নতুন করে আলোচনায় এসেছিলেন।