Published : 28 May 2026, 08:42 PM
কেউ এবার ঈদ করেছেন বহুদিনের স্বপ্ন পূরণের আনন্দে। কারও কাছে এবারের ঈদ মানেই বড় পর্দায় নিজের কাজের মুক্তির উচ্ছ্বাস, আবার কেউ খুঁজেছেন কোরবানির প্রকৃত অর্থ ও ত্যাগের গভীরতা।
ঈদের দিনটি কেমন কেটেছে তা নিয়ে গ্লিটজের সঙ্গে নিজেদের অভিজ্ঞতার কথা বলেছেন অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা, মোস্তাফিজুর নূর ইমরান, বিদ্যা সিনহা মিম ও সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
‘জীবনের সবচেয়ে সুন্দর ঈদ এবারই’: চম্পা
অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পার জন্য এবারের কোরবানির ঈদ ‘বিশেষ’।
তিনি বলেন, "এবারের ঈদুল আজহা আমার জীবনে বিশেষ আনন্দ নিয়ে এসেছে। বহুদিনের স্বপ্ন ছিল হজ করার। অবশেষে এবার সৌদি আরবে পবিত্র হজ পালন করছি। এখানেই ঈদ করেছি, এই আনন্দটা আমার জন্য অনেক অনেক বিশেষ।
“জীবনের সবচেয়ে সুন্দর ঈদটা এবারই কেটেছে। পরিবারের সদস্যরাও আমার সঙ্গে আছে।"
কোহিনূর আক্তার সুচন্দা, ফরিদা আক্তার পপি ববিতা ও গুলশান আরা আক্তার চম্পা–ঢাকাই চলচ্চিত্রের ‘তিন কন্যা’।
তিন বোনের কোরবানির ঈদের স্মৃতি কেমন ছিল জানতে চাইলে চম্পা বলেন, "ছোটবেলার কোরবানির ঈদ ছিল আনন্দ, ভালোবাসা আর দায়িত্বের এক অন্যরকম স্মৃতি। প্রতি বছর গরু ও ছাগল দুটোই কোরবানি হত। হাট থেকে পশু আনার পর সেগুলোর সবাই মিলে যত্ন নেওয়া। ঈদ এলে কোরবানির মাংস আত্মীয়স্বজন, প্রতিবেশী ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও ছিল আমার উপর। আপারাও অনেক কাজ করতেন, রান্নাবান্না সব কিছু বড় আপা সামলাতেন।"
সবাইকে 'রইদ' মোবারক: মোস্তাফিজুর নূর ইমরান
অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানের কাছেও এবারের ঈদটি ‘বিশেষ’। কারণ এই ঈদেই মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা 'রইদ'।
তিনি বলেন, "অন্য সবার ঈদ মোবারক হলেও আমার হলো 'রইদ' মোবারক। একজন অভিনেতার কাছে নিজের কাজ পর্দায় আসার মুহূর্তটা সবসময়ই হৃদয়ের খুব কাছের। আর সেই কাজটি যদি হয় মনমত, তাহলে আনন্দটা হয় একেবারে অনন্য।
“দিনটা কেটেছে অন্য সাধারণ দর্শকদের মতই প্রথম শোতে সবার সঙ্গে হলে বসে ‘রইদ’ দেখে। রইদে গা জুড়ানো আবেগ দিয়েই দিনটি কেটেছে।"
কোরবানি ঈদের স্মৃতি বা বিশেষ অনুভূতির কথা জানতে চাইলে এই অভিনেতা একটু ভিন্ন পথে হাঁটলেন।
বললেন, "কোরবানি শব্দটি নিজেই অনেক ভারী ও গভীর অর্থবহ। কিন্তু আমরা কি আসলেই সেই গভীরতাটুকু অনুভব করি? পশুর গলায় ছুরি চালানোর সময় কি চোখে জল আসে, অন্তর কাঁপে?
“হাট থেকে গরু-ছাগল কিনে এনে জবাই করে খাওয়াটা একটা ফিস্ট। আদিকালে যেমন 'ফেস্টিভাল অফ মিট' হত, ব্যাপারটা অনেকটা সেরকমই হয়ে যাচ্ছে। কিন্তু আসলে আপনি কী স্যাক্রিফাইস করছেন সেটাই বড় প্রশ্ন। স্যাক্রিফাইস আর জবাই করা এই দুটো কিন্তু এক জিনিস নয়।"
সামাজিক বাস্তবতার কথা তুলে ধরে এই অভিনেতা বলেন, "যে মানুষটির কাঁধে ঋণের বোঝা, হাজারো মানুষ যার কাছে পাওনা রেখেছেন, সেই মানুষটি যখন বাহ্যিকভাবে দেখানোর জন্য দামি গরু কিনে কোরবানি দেন, তখন সেটা আর ত্যাগের উৎসব থাকে না। তাই আমি এসব প্র্যাকটিসের ঠিক উল্টো।"
ঈদে সিনেমা মুক্তির আনন্দে মিম
বিদ্যা সিনহা মিমের জন্য এবারের ঈদ অন্যরকম এক রোমাঞ্চ নিয়ে এসেছে, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা 'মালিক'।
মিম বলেন, "ঈদের দিন আমি খুব বেশি পরিকল্পনা রাখি না। সাধারণত পরিবারের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করি। কোথাও ঘুরতে যাই। তবে এবারের ঈদ ভিন্ন।
“সিনেমার প্রচারে সময় কাটবে সবার সঙ্গে। অনেক দিন পর আমার সিনেমা রিলিজ হচ্ছে, সাথে একটা গান রিলিজ হয়েছে, সবাই খুব প্রশংসা করছে। সব মিলিয়ে দর্শকদের রেসপন্স কেমন হবে তা নিয়ে যেমন এক্সাইটমেন্ট কাজ করছে, তেমনি কিছুটা টেনশনও হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।"
ঈদের ম্যাজিকটা হারিয়ে গেছে: ইমরান
ঈদে বেশ কিছু গান নিয়ে এসেছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। গানের ব্যস্ততায় ঈদ কাটছে এই শিল্পীর।
তিনি বলেন, "ছোটবেলার ঈদের সেই আনন্দ এখন আর কাজ করে না। আগে কোরবানি ঈদের আনন্দ ছিল গরু কেনার বিষয়টি। হাটে যাওয়া, গরু কেনা, সেই গরু বাসায় এনে তার যত্ন নেওয়া। এ বিষয়গুলো খুব আনন্দের ছিল।
“এখন সেই আনন্দ নেই। ঈদের সেই ম্যাজিকটাই হারিয়ে গেছে। এখন তো আমাদের সময় কাটে ব্যস্ততায়। সন্তানকে নিয়ে ঈদ করছি, এখন দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারলেই মনে হয় ঈদটা পরিপূর্ণ হয়েছে।"