Published : 27 Jun 2026, 11:34 AM
মঞ্চের পর এবার চলচ্চিত্র পরিচালনায় নাম লেখালেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রকৃতি, জীববৈচিত্র্য ও পরিবেশ দূষণের গল্প নিয়ে তিনি নির্মাণ করেছেন তার প্রথম চলচ্চিত্র ‘সোমেশ্বরী’।
পরিচালনার পাশাপাশি এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।
ইন্টারন্যাশনাল একাডেমি ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে ‘গ্রিন ফিল্মস’-এর ব্যানারে নির্মিত এই সিনেমাটিতে তার সঙ্গে পরিচালনায় আরও আছেন লতা আহমেদ, আপন আক্তার, অনিমেষ চৌধুরী আবির ও মর্তুজা হাসান।
সিনেমাটি বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে বলে গ্লিটজকে জানিয়েছেন নওশাবা।
সিনেমাটি নিয়ে তিনি বলেন, "‘সোমেশ্বরী’ সিনেমায় প্রকৃতিকে সঙ্গে নিয়ে প্রকৃতির গল্প বলা হয়েছে। এটি মূলত প্রকৃতি ও পরিবেশের ওপর ক্রমবর্ধমান দূষণ এবং তার প্রভাবকে কেন্দ্র করে নির্মিত একটি সিনেমা। সিনেমাটি এখন সম্পাদনার টেবিলে। আমরা বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।"
সিনেমার নির্মাণ প্রক্রিয়া ও প্রেক্ষাপট নিয়ে নওশাবা জানিয়েছেন, সুনামগঞ্জের মধ্যনগর ও এর আশপাশের এলাকায় এর দৃশ্যধারণ হয়েছে।
নওশাবা নিজে অভিনয় করলেও সিনেমার অধিকাংশ চরিত্রেই অভিনয় করেছেন মধ্যনগরের স্থানীয় বাসিন্দারা, যারা ক্যামেরার সামনে একেবারেই নতুন।

পরিচালনার পাশাপাশি সিনেমায় অভিনয় নিয়ে এই অভিনেত্রী বলেন, "সিনেমায় কাজের ক্ষেত্রে আমার বিশেষ প্রস্তুতি থাকে। তবে এই সিনেমাটিতে অভিনয়ের কোনো পরিকল্পনাই ছিল না। গল্পের প্রধান চরিত্রে উপযুক্ত কাউকে না পাওয়ায় শেষ পর্যন্ত হঠাৎ করেই আমাকে ক্যামেরার সামনে দাঁড়াতে হয় এবং চরিত্রটির দায়িত্ব নিতে হয়।"
আন্তর্জাতিক উৎসবের পাশাপাশি দেশের মানুষ, বিশেষ করে হাওরাঞ্চলের মানুষ যেন সিনেমাটি দেখতে পারে, সেই ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন নওশাবা।
এদিকে ২০১৮ সাল থেকে থিয়েটারে নাটক নির্দেশনা দিয়ে আসছেন তিনি।