১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পরিচালকের অনিচ্ছাকৃত ভুলেই 'কোয়েল', আসল নাম কী

কোয়েলের কথায়, ঘটনাটি একটি অনিচ্ছাকৃত এক ভুল, যার নেপথ্যে আছেন এক পরিচালক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2026, 01:24 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

কলকাতার অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে সবার কাছে পরিচিত কোয়েল মল্লিক নামে। এই নামেই তার জনপ্রিয়তা-খ্যাতি। তবে ‘কোয়েল’ নামটি তার স্কুল-কলেজের খাতাপত্রের আসল নাম নয় বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমস বাংলা লিখেছে, ‘বর্তমান ডিজিটালকে’ দেওয়া একটি সাক্ষাৎকারে কোয়েল বলেছেন, নাম বদলের ঘটনাটির পেছনে তার কোনো হাত নেই। কোয়েলের কথায়, ঘটনাটি একটি অনিচ্ছাকৃত ভুল, যার নেপথ্যে আছেন এক পরিচালক।

কোয়েল বলেন, “আমার প্রথম সিনেমা ‘নাটের গুরু’, সেটির পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। হরকাকু আমার আসল নাম জানতেন না। কোয়েল আমার একটি নাম হলেও বাড়ির লোকজন এবং কাছের মানুষজনই কেবল এই নামে ডাকতেন। হারকাকু সেই কাছের মানুষদের একজন। তাই হরকাকু ভেবেছিলেন, আমার আসল নাম হল ‘কোয়েল’।”

এই নামটি কীভাবে সিনেমায় আসল সে প্রসঙ্গে কোয়েল বলেন, “আমাকে না জিজ্ঞাসা করেই তিনি (পরিচালক হরনাথ চক্রবর্তী) আমার কোয়েল নামটা সিনেমায় দিয়ে দেন। তারপর থেকে এই নামটি থেকে গিয়েছে।”

কোয়েল বলেছেন, তার আসল নাম রুক্মিণী মল্লিক। স্কুলের খাতাতে ওই নামটি আছে কোয়েলের। 

এদিকে রুক্মিণী মৈত্র নামে আরেকজন অভিনেত্রী কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তাই কোয়েলের আসল নাম চলচ্চিত্রে ব্যবহার হলে, ইন্ডাস্ট্রিতে রুক্মিণী নামের থাকতেন দুই নায়িকা।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে কোয়েল অভিনীত ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’ সিনেমাটি। এর আগে তার ‘স্বার্থপর’ সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে। আগামীতে ‘খাদান ২’ সিনেমায় নায়ক দীপক অধিকারী দেবের বিপরীতে কোয়েলেকে পর্দায় দেখা যেতে পারে।