২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পূজা নাকি ফটোশুট?’ শিবপূজা করতে গিয়ে বিপাকে ভূমি

“আমি সহজ জীবন চাইছি না। বরং জীবনের প্রতিটি পথ যেন মর্যাদা ও শক্তির সঙ্গে পার করতে পারি, সেই প্রার্থনাই করি।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2026, 11:13 AM

Updated : 11 Sep 2026, 03:46 PM

শ্রাবণ মাস উপলক্ষে মন্দিরে পূজা দিতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষে শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার। 

পূজার কিছু ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় দিয়ে সমালোচিত হন তিনি। ছবি পোস্টের পর অভিনেত্রীর পোশাক নিয়ে উঠেছে প্রশ্ন।

এনডিটিভি জানিয়েছে, ভিডিওতে দেখা গেছে, ভূমি মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢেলে পূজা দিচ্ছেন। সে সময়ে তার পরনে ছিল কালো টপ ও নীল রঙা জিনস। সঙ্গে চোখে ছিল কালো রোদচশমা। আর সেই রোদচশমা পরেই পুজা দেওয়া নিয়ে আপত্তি তুলেছেন অনেকে। 

ছবির সঙ্গে ভূমি লিখেছিলেন, “শ্রাবণ শুরু হয়েছে। আমি সহজ জীবন চাইছি না। বরং জীবনের প্রতিটি পথ যেন মর্যাদা ও শক্তির সঙ্গে পার করতে পারি, সেই প্রার্থনাই করি। হর হর মহাদেব।”

এই ছবির নিচে একজন লিখেছেন, “রোদচশমা খুলেও তো পুজা করা যেত।” 

আর একজনের মন্তব্য, “অন্তত চশমাটা তো খুলতে পারতেন।” 

“রোদচশমা পরে কাউকে কোনওদিন পুজো করতে দেখিনি”, মন্তব্য আরেক জনের।

এক ব্যক্তির প্রশ্ন, “মন্দিরে ভগবানের জন্য গিয়েছেন, না কি ফটোশুট করতে গিয়েছেন?” 

এ ধরনের নানা সামলোচনায় ভেসে গেছে মন্তব্যের ঘর।

তবে এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি ভূমি।

ভূমির শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’। ওই সিনেমায় অভিনয় করেছেন অর্জুন কপূর ও রকুল প্রীত সিংহ। এ ছাড়া ওয়েব সিরিজ ‘দলদল’-এও তাকে দেখা গিয়েছে।

এখন এই অভিনেত্রী “দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজি মহারাজ” সিনেমায় কাজ করছেন। এই ঐতিহাসিক মহাকাব্যটি পরিচালনা করেছেন সন্দীপ সিং।