Published : 09 Oct 2025, 02:32 PM
বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুত্ব, প্রেম, সম্পর্ক ও টানাপড়েনের গল্পে ‘লিটল মিস ক্যাওস’ নামের যে ওয়েব ফিল্মটি নির্মিত হয়েছিল, সেটি প্রচারে এসেছে।
মাহমুদা সুলতানা নির্মিত সিনেমাটি বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
নবীন শিল্পীদের নিয়ে নির্মিত ‘লিটল মিস ক্যাওসের’ গল্পে রয়েছে শহুরে জীবনে তরুণ-তরুণীদের বেড়ে ওঠা, সম্পর্কের জটিলতা আর জীবনের এলোমেলো মুহূর্তগুলো।
অভিনয় করেছেন হোসনে আরা আলী, দীপা খন্দকার, রফিউল কাদের, সাদিকা স্বর্ণা, নাহিন শফিক, ফারিহা রাহমানসহ অনেকে।
সিনেমার গল্প এগিয়েছে ইরা ও মারুফ নামের দুই তরুণ তরুণীকে ঘিরে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ফ্যাশনসচেতন, প্রাণবন্ত তরুণী ইরার জীবনে প্রতিদিনই ঘটে নানা রকম ঝামেলা। তার জীবন এলোমেলো, অগোছালো, তবে নানান অভিজ্ঞতায় ভরপুর।
ইরা চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। এটি তার প্রথম ওয়েব ফিল্ম।
সিনেমাটি নিয়ে সাদনিমা বলেন, "আমিও এ জেনারেশনের দর্শক। আমি ছাড়া অন্যরা যারা কাজ করেছেন, তারাও তরুণ। এ গল্পে রোমান্স আছে, কমেডি-সার্কাজম আছে। আর আমিই যেহেতু 'লিটল মিস ক্যাওস', শুটিংয়ের সময় অনস্ক্রিন-অফস্ক্রিন ক্যাওস করে বেরিয়েছি, অর্থাৎ মজা করে কাজটি করেছি। আশা করছি ভালোও হয়েছে।"
মারুফ চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী। বিশ্ববিদ্যালয়ে পড়া এক তরুণ, যিনি নিজে কিছু করতে চাওয়ার উদ্যোগ নিয়ে ফুড কার্ট বসিয়েছেন।
নাওভী বলেন, "এই ফিল্মে একটু একটু করে সবকিছুই এসেছে। ফান, ড্রামা, দুষ্টুমি, রোমান্স, বন্ধুত্বসহ নানা অনুভূতির সুন্দর মিশ্রণ। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।"
ওয়েব ফিল্মটি পরিচালনার পাশাপাশি গল্প ও সংলাপ লিখেছেন মাহমুদা সুলতানা। এর গল্পকে তিনি ‘রোমান্টিক ড্রামেডি’ ঘরানার বলছেন।
পরিচালকের ভাষ্য, "আমাদের জীবনে সবারই আছে অতীতের ট্রমা আর ব্যাগেজ। সেগুলো কাটিয়ে সামনে এগিয়ে যাওয়াই জীবনের অংশ। সিনেমায় শহুরে জীবনের রোমান্স, কমেডি ও ক্যাওসের গল্পকে তুলে ধরা হয়েছে এক নতুন ভঙ্গিতে।"
আরও পড়ুন:
রোমান্টি-কমেডির মিশেলে প্রেম–বন্ধুত্বের গল্প 'লিটল মিস ক্যাওস'