দ্বিতীয় সন্তানের মা হলেন সোনম কাপুর
সোশাল মিডিয়ায় এক পোস্টে এই সুখবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
দ্বিতীয় পুত্র সন্তানের মা হলেন হিন্দি সিনেমার অভিনেত্রী সোনম কাপুর।
এনডিটিভি লিখেছে, রোববার কাপুর পরিবারে ঘর আলো করে এসেছে সোনম ও আনন্দ আহুজার দ্বিতীয় সন্তান। সোশাল মিডিয়ায় এক পোস্টে এই সুখবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
সোনম লিখেছেন, “অশেষ কৃতজ্ঞতা আর ভালোবাসায় ভরা হৃদয় নিয়ে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২৯ মার্চ আমাদের পুত্রসন্তানের জন্ম হয়েছে। আমাদের পরিবার আরও বড় হলো, আর তার আগমনে আমাদের জীবনে নেমে এসেছে এক অপার সুখের আলো।”
তিনি আরও লিখেছেন, "বড় ভাই হিসেবে ছোট ভাইকে পেয়ে ভীষণ আনন্দিত বায়ু কাপুর আহুজা। এই ছোট্ট প্রাণ আমাদের ঘর ভরে দিয়েছে আনন্দ আর ভালোবাসায়। চার সদস্যের পরিবার হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে আমরা সত্যিই ধন্য।"
এই খবর প্রকাশের পরই শুভেচ্ছায় ভাসতে থাকেন তারকা দম্পতি। অভিনেত্রী কারিনা কাপুর মন্তব্যের ঘরে অভিনন্দন জানিয়েছেন তাদেরকে।
এছাড়া রিয়া কাপুর, হুমা কুরেশি,কাজল আগরওয়াল, দিয়া মির্জা, হুমা কুরেশি, অনুরাগ কশ্যপ, বাণী কাপুরসহ অনেকেই ভালোবাসা আর শুভকামনায় ভরিয়ে দিয়েছেন মন্তব্যের ঘর।
এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে দ্বিতীয়বারের মত অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন সোনম। বেবি বাম্পের বেশ কিছু ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন। ক্যাপশনে সংক্ষিপ্তভাবে তিনি লিখেছিলেন ‘মা’।
২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম কাপুর। ২০২২ সালের অগাস্টে জন্ম নেয় তাদের প্রথম সন্তান বায়ু।
প্রায় চার বছর পর দ্বিতীয় পুত্রসন্তানের আগমনে আনন্দে ভাসছে এই তারকা দম্পতির পরিবার।
