১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইতালিতে হামলার শিকার বাঁধন বললেন ‘শেষ দেখে ছাড়ব’

“আমাকে ভয় দেখিয়ে দমানো যাবে না,” বলেন এ অভিনেত্রী।

ইতালিতে হামলার শিকার বাঁধন বললেন ‘শেষ দেখে ছাড়ব’
আজমেরী হক বাঁধন। ফেইসবুক থেকে নেওয়া ছবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 07:55 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

ইতালিতে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

তিনি বলেছেন, “আইনি প্রক্রিয়া শেষ না করে দেশে ফিরব না। আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে ফিরছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।”

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিতের হওয়ার কথা জানিয়েছেন বাঁধন। বাংলাদেশ সময় সোমবার রাতে ভেনিস শহরের মেস্ত্রে এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে ফেইসবুক লাইভে আসেন এ অভিনেত্রী। তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপদ আছেন বলে জানিয়েছেন।

বাঁধন বলেন, “আমার সাথে যে ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে, যারা এটি করেছেন তারা নিজেদের বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে পরিচয় দিয়েছেন। এই ঘটনার পর থেকে প্রচুর মানুষ আমাকে ফোন করছেন ও খবর নিচ্ছেন। আমি সবাইকে বলতে চাই, আমি ঠিক আছি।”

ওই ঘটনার পর ইতালিতে বাংলাদেশ দূতাবাস ও সরকারের সঙ্গে যোগাযোগের কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের কাছে সব প্রমাণ আছে এবং ইতোমধ্যেই বেশ কয়েকজনকে শনাক্ত করেছি।

“দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আমি থানায় যাচ্ছি কেস ফাইল (মামলা) করতে। বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

অভিনেত্রী বলেন, “আমাকে ভয় দেখিয়ে দমানো যাবে না। তবে আমার জন্য আমার ছোট ভাই, তার স্ত্রী এবং তাদের তিন বছরের ছোট বাচ্চা যেভাবে হেনস্তা ও শারীরিক আক্রমণের শিকার হয়েছে, তাতে আমি ভীষণভাবে মর্মাহত। এটা অত্যন্ত ন্যক্কারজনক।

“আমাকে ভেঙে ফেলা এত সহজ নয়। আমি কখনো মাথা নত করিনি, আর তা করতে ভুলেও গেছি। ইতালির স্থানীয় পুলিশ আমাকে অনেক সাহায্য করেছে এবং একটি নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে।”

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি জুলাইয়ের গণঅভ্যুত্থানে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলাম। আমি মনে করি, এটি আমার জীবনে নেওয়া অন্যতম সঠিক সিদ্ধান্ত। আমি একজন গর্বিত জুলাই যোদ্ধা। বিপদের দিনে দেশের মানুষ যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।”

অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও লাঞ্ছিতের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। এ ঘটনায় দেশটিতে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, “আজমেরি হক বাঁধনের উপরে হামলা হয়েছে, আমরা ভিডিও দেখেছি—সেটা উনি না, যারা হামলা করেছেন তারা নিজেরাও ভিডিও-টিডিও করে এটা পাবলিশ করেছেন।

“মানে আমার কাছে এভাবে বলতে ইচ্ছা করে, যারা এটা করেছেন তাদেরকে একটু ধন্যবাদও দেওয়ার আছে। আওয়ামী লীগ কী বস্তু, আওয়ামী লীগ তারা কারা করেন, আওয়ামী লীগ কী—তারা আমাদের সামনে আবার হাজির করছেন।”

হামলার ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না- এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমি আপনাকে এটা নিশ্চিত করছি, এই ব্যাপারে আইনি ব্যবস্থা ওই দেশে যা যা নেওয়া—এটার প্রক্রিয়া শুরু হয়েছে।

“আমরা অবশ্যই এটা ছেড়ে দেব না, এটা কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না।”