Published : 19 Feb 2026, 09:37 PM
ঢাকার তুরাগ এলাকায় সড়কে অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাসকে মারধরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বিকালে মুশফিকের গাড়ির পেছনে অন্য একটি গাড়ি ধাক্কা দিলে তার প্রতিবাদ করায় মারধর করা হয় বলে পুলিশ জানিয়েছে।
অভিনেত্রী মনিরা আক্তার মিঠুও ঘটনাটি তার ফেইসবুক পেইজে তুলে ধরেছেন।
মনিরা মিঠু একটি সাদা প্রাইভেটকারের পেছনের অংশের স্ক্রিনশট দিয়ে লিখেছেন, ওই গাড়িটি তার গাড়ির পেছনে ‘ভয়ংকর গতিতে’ ধাক্কা দেয়।
ওই পোস্টে তিনি অভিযোগ করেন, “আমার বড় ছেলে উপন্যাসকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়েছে দুইজন। আমার ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর দৃশ্য ধারণ করা হয়েছে।”
এর কিছুক্ষণ পর অপর এক পোস্টে গাড়িটির নম্বরসহ এক ব্যক্তির ছবিও পোস্ট করেন মনিরা মিঠু। তিনি লেখেন, “এই লোক গাড়ির মালিক এবং আমার সন্তানকে রক্তাক্ত করার সময় ছিল।”
তুরাগ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “তার গাড়ির পেছন দিক থেকে অন্য একটি গাড়ি ধাক্কা দিলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রতিবাদ জানালে দুই ব্যক্তি মনিরা মিঠুর ছেলেকে মারধর করেছে বলে জানতে পেরেছি।”
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলার তথ্য দিয়ে ওসি বলেন, “আমরা অভিযুক্ত এক ব্যক্তির নাম-ঠিকানা পেয়েছি। বিষয়টি নিয়ে কাজ করছি।”