শামা-আফজালের ‘বাদল দিনের প্রথম কদম ফুল’ আসছে
‘মায়া-বাদল দিনের প্রথম কদম ফুল’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ।
আষাঢ়ের এক সন্ধ্যায় প্রেম-বিরহ আবার কখনো দ্রোহের গানের সুরের মায়া ছড়ান রবীন্দ্রসংগীতশিল্পী শামা রহমান।
আর রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশের কবিতার পংক্তি নিয়ে মঞ্চে এই গায়িকার সঙ্গে ছিলেন অভিনেতা আফজাল হোসেন।
ঢাকার একটি হোটেলে শুক্রবার সন্ধ্যায় ‘মায়া-বাদল দিনের প্রথম কদম ফুল’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ।
যা মাছরাঙা টেলিভিশনের পর্দায় আসবে রোববার রাত সাড়ে ১০টায়।।
শনিবার এক বিজ্ঞপ্তিতে এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক রুমানা চৌধুরী বলেন, ‘‘শৈশবে বৃষ্টিতে ভেজার নিষ্পাপ আনন্দ, ঝড়ো হাওয়ায় উদ্বেলিত মন কিংবা সিক্ত কদম ফুল হাতে কল্পনায় হারিয়ে যাওয়া, এই সবকিছুর মধ্য দিয়েই বর্ষা হয়ে ওঠে স্মৃতির ঝাঁপি খুলে বসার এক নিঃশব্দ আহ্বান। বর্ষার এই সকল আমেজ নিয়েই আমাদের এই আয়োজন।”
অনুষ্ঠানে শামা রহমান গেয়েছেন ‘বাদল-দিনের প্রথম কদম ফুল’; রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আষাঢ়’ কবিতাটি আবৃত্তি করেন আফজাল হোসেন। আবৃত্তি শেষে ‘আবার এসেছে আষাঢ়’ পরিবেশন করেন শামা রহমান।
রবি ঠাকুরের পর সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়েছেন আফজাল। শুনিয়েছেন জীবনানন্দ দাশের ‘পঁচিশ বছর পরে’, ‘আকাশলীনা’।
প্রায় দেড় ঘণ্টার পরিবেশনায় ‘কৃষ্ণকলি আমি তারে বলি’, ‘ও যে মানে না মানা’, ‘আজি ঝড়ের রাতে’, ‘মেঘের পর মেঘ জমেছে’, ‘এসো হে নিশীথ রাতে’সহ বেশ কয়েকটি গান গেয়ে শোনান শামা রহমান।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ ‘মায়া’ ব্র্যান্ডের নিজস্ব দর্শন এবং শিল্প-সংস্কৃতির প্রতি তাদের দায়বদ্ধতার কথা তুলে ধরেন। তার কথায়, ‘মায়া’ কেবল একটি স্কিনকেয়ার ব্র্যান্ড নয়, বরং রূপচর্চার এমন একটি অনুষঙ্গ যা প্রকৃতির বিশুদ্ধতা ও বাঙালির চিরায়ত নান্দনিকতাকে ধারণ করে।
অনুষ্ঠানে সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনাম, স্কয়ার টয়লেট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, লেখক আনিসুল হক, অভিনেতা জাহিদ হাসান ও চঞ্চল চৌধুরী, এ কে আজাদ, স্থপতি মুস্তাফা খালিদ পলাশ এবং সংস্কৃতি অনুরাগী আবুল খায়ের লিটু, অভিনেতা আরিফিন শুভ, আফসান আরা বিন্দু ও রুনা খান উপস্থিত ছিলেন।
এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল সান কমিউনিকেশনস লিমিটেড।
