Published : 24 Jul 2026, 06:55 PM
ভারতের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার (নিট) প্রশ্ন ফাঁসের ঘটনায় দিল্লির রাজপথ যখন উত্তাল, তখন এ ধরনের একটি ঘটনার শিকার হওয়ার কথা বললেন সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী মানুষি ছিল্লার।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২০১৫ সালেও মেডিকেলের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে দুবার সেই পরীক্ষা দিতে হয়েছিল মানুষিকে।
এই অভিনেত্রী চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়েই পড়াশোনা শুরু করেছিলেন। সোনিপতের ভগৎ ফুল সিং মেডিক্যাল কলেজে এমবিবিএসে ভর্তিও হন। তবে ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর তার জীবনের মোড় ঘুরে যায়। মডেলিং ও অভিনয়ে ব্যস্ত হয়ে পড়ায় চিকিৎসাবিদ্যার পড়াশোনা আর শেষ করা হয়নি।
দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ নিয়ে মানুষি লেখেন, “এই অন্যায্য পৃথিবীতে, শিক্ষাই একমাত্র সাম্যাবস্থা আনতে পারে। গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন তা শুনতে, শিখতে এবং উন্নত করতে ইচ্ছুক থাকে। প্রতিটি প্রজন্মের দায়িত্ব, তারা উত্তরাধিকারসূত্রে যা পেয়েছে, তার চেয়ে শক্তিশালী ব্যবস্থা রেখে যাওয়া।”
মানুষি নিজের দুবার পরীক্ষা দেওয়ার কথা তুলে ধরে বলেন, এটা কেবল একটা পরীক্ষা নয়, বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রম, বিনিদ্র রাত, ত্যাগ এবং আকাঙ্ক্ষার প্রতীক।
মানুষির কথায়, ‘‘আমাদের সময় সিস্টেমের ব্যর্থতা মেনে নিয়েছিলাম এবং আপস করেছিলাম। এখন এক দশক পরে, আমরা পরিবর্তন আশা করি।”
গণতন্ত্রের উপর আস্থা আছে জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমার বিশ্বাস, সংলাপ, সাংবিধানিক প্রক্রিয়া ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমেই সবচেয়ে শক্তিশালী সমাধান খুঁজে পাওয়া যায়।”
এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা নিরসনে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে আন্দোলনকারীরা।
তবে দেশব্যাপী চলমান প্রতিবাদ কর্মসূচি স্থগিত করা হবে না বলে জানিয়েছেন আন্দোলনকারীদের একজন মুখপাত্র।
রয়টার্স লিখেছে, সামাজিক আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক ২৬ দিন পর অনশন ভাঙায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে সমঝোতার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।
প্রশ্নফাঁস কেলেঙ্কারির দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির রাজপথে বিক্ষোভ চালিয়ে আসছেন হাজারো তরুণ-তরুণী। তাদের পুরোভাগে রয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজিপি, প্রধান বিচারপতির এক বক্তব্যের প্রতিবাদ জানাতে যে সংগঠনের জন্ম হয়েছিল।
দলটির মুখপাত্র সৌরভ দাস বলেছেন, শুক্রবার ‘একটি নিরপেক্ষ স্থানে’ সরকারি মন্ত্রীদের সঙ্গে তাদের বৈঠক হবে।
“আমরা আশা করি সরকার খোলা মনে আলোচনায় আসবে এবং রাজপথে থাকা দেশের মানুষের কথা শুনবে। আমরা আমাদের দাবিগুলো তাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরব। আমরা আশা করি সরকার আমাদের কথা শুনবে।”
মোদী সরকারের সঙ্গে আলোচনায় বসছে আন্দোলনকারীরা, বিক্ষোভও চলবে