২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

বাপ্পা মজুমদার ও টিনার ‘তুমি বললেই’

গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‌‌"আমার বিশ্বাস, নতুন কাজটি দারুণ লাগবে দর্শক-শ্রোতাদের।"

বাপ্পা মজুমদার ও টিনার ‘তুমি বললেই’
বাপ্পা মজুমদার ও টিনা রাসেল। ছবি: বাপ্পা মজুমদারের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 11:14 PM

Updated : 10 Sep 2026, 12:47 PM

‘তুমি বললেই’ শিরোনামের নতুন গান গেয়েছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। 

গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা নিজেই। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন টিনা রাসেল। গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল। 

টিনা রাসেলের ইউটিউব চ্যানেলে শুক্রবার রাতে প্রচার হয়েছে গানটি। গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‌‌"জুলফিকার রাসেল আমার ভীষণ প্রাণের একজন মানুষ। সে আমার সংগীত সত্তার একটি অংশ। আমরা একসঙ্গে পাঁচ শতাধিক গান করেছি। তার লেখা গান করা আমার জন্য বরাবরই আনন্দের। টিনার গায়কী সুন্দর। আমার বিশ্বাস, নতুন কাজটি দারুণ লাগবে দর্শক-শ্রোতাদের।"

গানটি নিয়ে রাসেল বলেন, “বাপ্পা ভাই ও আমি একসঙ্গে প্রচুর কাজ করেছি। এ তালিকায় ‘তুমি বললেই’ নতুন সংযোজন। টিনার গায়কী আমার আলাদাভাবে ভালো লাগে। এবারের কাজটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। দর্শক-শ্রোতাদের ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক হবে।" 

এর আগে ২০২৩ সালে প্রকাশ হয় জুলফিকার রাসেলের কথা, বাপ্পা মজুমদারের সুর-সংগীতে টিনার কণ্ঠে ‘কিছু নেই যার’।

আরও একটি গানে বাপ্পা ও জুলফিকার রাসেল জুটির নতুন গানে অংশ হতে পেরে উচ্ছ্বসিত টিনা রাসেল। 

"এর আগে জুলফিকার রাসেলের কথায় ও বাপ্পা ভাইয়ের সুরে গান গাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। এবার রাসেলের কথায় বাপ্পা ভাইয়ের সঙ্গে ডুয়েট গাইতে পেরে খুব ভালো লাগছে।"  

‘তুমি বললেই’ গানের ভিডিও নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী। বনানীতে বাপ্পার স্টুডিওতে হয়েছে গানটির রেকর্ডিং।