১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘টুম রেইডার’: চোট পেলেন সোফি টার্নার, বন্ধ শুটিং

অ্যাকশন অ্যাডভেঞ্চারধর্মী গেইম ‘টুম রেইডার’ প্রথম আসে ১৯৯৬ সালে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 03:22 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

ভিডিও গেইম থেকে নির্মিত ‘টুম রেইডার’ এর টিভি সিরিজের শুটিংয়ে বাধা পড়েছে। ‘টুম রেইডারের’ প্রধান চরিত্র লারা ক্রফটের ভূমিকায় অভিনয় করা সোফি টার্নার চোট পেয়েছেন, তাতে বন্ধ আছে শুটিংয়ের কাজ।

চোটের মাত্রা নিয়ে বেশি কিছু না জানালেও সিনেমার প্রযোজক এমজিএম স্টুডিওস এবিসি নিউজকে এক বিবৃতিতে জানিয়েছে, “সাবধানতা হিসেবে আমরা শুটিং বন্ধ রাখছি। যাতে করে উনি (টার্নার) সেরে ওঠার সময় পান। যত দ্রুত সম্ভব আমরা আবারও সিনেমার কাজ শুরুর অপেক্ষায় আছি।”

এবিসি নিউজ সোফি টার্নারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

৩০ বছর বয়সী টার্নার মেগাহিট সিরিজ গেইম অফ থ্রোনসে সানসা স্টার্ক চরিত্রে অভিনয় করে তারকাখ্যাতি পান। এরপর তাকে সুপারহিরো ফিল্ম সিরিজ ‘এক্স মেন’-এ জিন গ্রে/ফিনিক্স চরিত্রে দেখা গেছে।

গত বছর, টার্নারকে নিয়ে নতুন ‘টুম রেইডার’ সিরিজ নির্মাণের ঘোষণা দেয় এমজিএম স্টুডিওস।

অ্যাকশন অ্যাডভেঞ্চারধর্মী গেইম ‘টুম রেইডার’ ১৯৯৬ সালে প্রথম বাজারে আসে। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক লারা ক্রফটের দুঃসাহসিক নানা অভিযানের কাহিনী নিয়ে নির্মিত এই গেইম দারুণ জনপ্রিয়তা পায়। লারা ক্রফটকে নিয়ে তৈরি হয়েছে একাধিক সিনেমা, অ্যানিমেটেড সিরিজ ও ভিডিও গেইম।

২০০১ সালে আসে ‘টুম রেইডারের’ প্রথম সিনেমা ‘লারা ক্রফট: টুম রেইডার’। দুই বছর পর মুক্তি পায় সিক্যুয়েল ‘লারা ক্রফট: টুম রেইডার–দ্য ক্রেডল অব লাইফ’। দুটি সিনেমাই ব্যবসাসফল হয়। আর এতে লারা ক্রফট চরিত্রে অভিনয় করেন হলিউডের বড় তারকা অ্যাঞ্জেলিনা জোলি।

২০১৮ সালে মুক্তি পায় সিরিজের তৃতীয় সিনেমা ‘লারা ক্রফট’। এতে জোলি অভিনয় করেননি। সিরিজটিকে নতুন করে সামনে আনার পরিকল্পনা করা হয় ও লারা ক্রফট চরিত্রে অভিনয় করেন অ্যালিসিয়া ভিকান্ডের।

২০২৪ সালে শুরু হয় টিভি সিরিজের কাজ। যেখানে অভিনয় করছেন সোফি টার্নার।