১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘ধুরন্ধর’: অক্ষয়ের নাচ, বাবার নকল?

“আমরা কেউ জানতাম না অক্ষয় আসলে কী করতে যাচ্ছেন। পুরোটাই তিনি স্বতঃস্ফূর্তভাবে করেছেন।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2025, 03:46 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

গানের তালে খানিক হেঁটে এলেন অক্ষয় খান্না, এরপর হাত দুপাশে মেলে দিয়ে গানের তালে নাচতে শুরু করেন। হিন্দি সিনেমা ‘ধুরন্ধর’ এ অক্ষয়ের নাচ নিয়ে চলছে তুমুল আলোচনা। যেমন হয়েছিল ‘আ্যানিমাল’ সিনেমায় ববি দেওলের ‘জামাল কুদু’ গান নিয়ে। 

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, এই নাচের মধ্যে অনেকেই অক্ষয়ের বাবা, বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা বিনোদ খান্নার ছায়া দেখতে পাচ্ছেন। 

১৯৮৯ সালে পাকিস্তানের লাহোরে একটি চ্যারিটি অনুষ্ঠানের ভিডিও সামনে এসেছে। তাতে দেখা গেছে বিনোদ খান্না, রেখা, ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদ একসঙ্গে নাচছেন। 

ওই ভিডিওতে বিনোদ খান্নার হাত ও পায়ের নাচের ভঙ্গির সঙ্গে অক্ষয়ের নাচের ভঙ্গি হুবহু মিলে যায়। 

‘ধুরন্ধর’ সিনেমার সহ–অভিনেতা ড্যানিশ পান্ডোরা বলেছেন, ভাইরাল হওয়া নাচটি কোরিওগ্রাফ করা ছিল না। 

তিনি বলেন, তারা লেহ–লাদাখে গানটির শুটিং করছিলেন। 

“পরিচালক আদিত্য স্যার শট ব্যাখ্যা করছিলেন। হঠাৎ অক্ষয় স্যার তাকে জিজ্ঞেস করলেন, ‘আমি কি নাচতে পারি?’ আদিত্য বললেন, ‘তোমার যা খুশি করতে পারো’। সেদিন টেকে সব হয়ে গেল! আমরা কেউ আশাই করিনি এত ভালো কিছু হবে।”

কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি বলেছেন, ওই গানটি ছিল শের–ই–বালুচ হিসেবে অক্ষয়ের সিংহাসনে বসার আনন্দ অনুষ্ঠানের অংশ। 

স্ক্রিপ্টে ছিল অক্ষয় কেবল হেঁটে আসবেন। তখন তিনি নির্মাতাকে প্রস্তাব দেন যে, যদি সেখানে নাচের দৃশ্য রাখা যায়, তাহলে দৃশ্যটা আরো সুন্দর ও প্রাণবন্ত হবে।

বিজয় গাঙ্গুলি বলেন, “আমরা কেউ জানতাম না অক্ষয় আসলে কী করতে যাচ্ছেন। পুরোটাই তিনি স্বতঃস্ফূর্তভাবে করেছেন।”

অক্ষয়ের এই নাচ নিয়ে পক্ষ-বিপক্ষ ভাগ হয়ে গেছে সোশাল মিডিয়ায়।

কিছু মানুষ মনে করছে, অক্ষয় তার বাবাকে হুবহু নকল করে নেচেছেন।

কেউ কেউ বলেছেন অক্ষয় যদি বিনোদকে নকল করে নেচেও থাকেন, তাহলে সমস্যা নেই। এটি হয় তার পরিবারের প্রতি শ্রদ্ধা দেখানোর প্রয়াস। 

৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর’। রাজনৈতিক ড্রামা ও স্পাই-থ্রিলার সিনেমায়  আছেন রাণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রাজপাল, সারা অর্জুন, আর মাধবন।

মুক্তির পর থেকেই আলোচনায় সিনেমায় রেহমান ডাকাত চরিত্রে অভিনয় করা অক্ষয় খান্না।