১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নির্মাতা শৌভ রহমানের বিরুদ্ধে ‘হুমকির’ অভিযোগ ‘চরকির’ সাগরের

মঙ্গলবার তেজগাঁও থানায় তার বিরুদ্ধে জিডি করা হয়েছে।

নির্মাতা শৌভ রহমানের বিরুদ্ধে ‘হুমকির’ অভিযোগ ‘চরকির’ সাগরের
শৌভ রহমান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2025, 12:27 AM

Updated : 26 Aug 2026, 01:35 PM

নির্মাতা শৌভ রহমান রনির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন ওটিটি প্লাটফর্ম চরকির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার সাগর।

মঙ্গলবার তেজগাঁও থানায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি-জিডি করা হয়েছে।

জিডিতে শৌভ রহমানের বিরুদ্ধে সাগর যেসব অভিযোগ করেছেন সেগুলো হল- ‘অর্থ আত্মসাৎ ও জোরপূর্বক কাজ পাওয়ার লক্ষ্যে ক্ষতি করার হুমকি’, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের মিথ্যা পরিচয়’ দিয়ে ‘অনৈতিক প্রভাব বিস্তার ও হুমকি’, এনসিপির ‘ভুয়া পরিচয়ে চাঁদাবাজি এবং একজন নারী কর্মীকে উত্ত্যক্ত’ করা। 

তিনি বলেছেন, “শৌভ রহমান গত বছরের ১৭ এপ্রিল পূর্ব নির্ধারিত মিটিং ছাড়া চরকির অফিসে এসে নির্মাতা হিসেবে যোগ্যতার প্রমাণ ছাড়াই কাজ পাওয়ার জন্য চাপ প্রদান করলে চরকিতে কাজের ন্যূনতম যোগ্যতার বিষয় ও নিয়মতান্ত্রিক উপায়টি অবহিত করা হয়।”

“পরে শৌভ রহমান কিছু গল্প জমা দিলে চরকির ‘কন্টেন্ট সিলেকশন টিম’ এর মতে তার এ সকল গল্প মান সম্মত না হওয়ায় এবং নির্মাতা হিসেবে যোগ্যতা প্রমাণে ব্যর্থ হওয়ায় ‘কোয়ালিটি কন্ট্রোল’ বিভাগের সিদ্ধান্ত জানিয়ে দেয়।” 

জিডিতে সাগর বলেছেন, “যোগ্যতার অভাবে কাজ না পাওয়ায় শৌভ রহমান আমাকে তার গল্প নির্বাচনের জন্য অনৈতিক সাহায্যের দাবি করতে থাকে, একপর্যায়ে হুমকি দেওয়া শুরু করে। পরে ফেইসবুকের মাধ্যমে আমার ও চরকির সিইও, নির্মাতা রেদওয়ান রনির মানহানি ও অপপ্রচার করে চাপ সৃষ্টি করতে থাকে।”

এ বিষয়ে বক্তব্য জানতে শৌভ রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বিরুদ্ধে তোলা অভিযোগ ‘বানোয়াট, মিথ্যা’।

তিনি এ বিষয়ে পরে আরো বিস্তারিত মন্তব্য করবেন বলেও জানান।

ঘটনার সূত্রপাত

চরকির সিইও, নির্মাতা রেদওয়ান রনির বিরুদ্ধে পেশাগত হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং মিডিয়া সিন্ডিকেটের মাধ্যমে কাজের সুযোগে বাধা দেওয়ার অভিযোগ তুলে ৭ অগাস্ট নির্মাতা শৌভ রহমান রনি মেহেরপুর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন।

চরকি এবং সংশ্লিষ্টদের ‘প্রভাবিত’ করে তার বিরুদ্ধে ‘প্ররোচনা’ চালিয়ে যাচ্ছেন রেদওয়ান রনি; যার ফলে বিভিন্ন প্রকল্প ও কাজ থেকে অব্যাহতভাবে ‘বঞ্চিত’ হচ্ছেন বলে অভিযোগ করেন শৌভ।

এই নির্মাতার ভাষ্য, “স্বাধীন নির্মাতার পেশাগত জীবনকে জিম্মি করে রাখার মত আচরণ কোনোভাবেই ব্যক্তিগত মনোমালিন্যের গণ্ডিতে পড়ে না। এটি একটি সিস্টেমেটিক সিন্ডিকেট মডেলের উদাহরণ, যেখানে একজন প্রভাবশালী ব্যক্তি নিজের অবস্থান ব্যবহার করে একজন শিল্পীর পথ রুদ্ধ করছেন, তার ভাবনা ও পরিশ্রম লুপ্ত করে দিচ্ছেন।”

শৌভ এক সময় রেদওয়ান রনির সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। প্রায় ১৫ বছর ধরে চলচ্চিত্র, চিত্রনাট্য ও অডিওভিজ্যুয়াল মাধ্যমে কাজ করছেন তিনি।

শৌভ বলেন, “আমার সমস্যা শুরু হয় ২০১১ সালে, যখন আমি রেদোয়ান রনির সহকারী হিসেবে কাজ করতাম। সেই সময় থেকেই তিনি আমার প্রতি একটি ব্যক্তিগত বিরাগ পোষণ করে আসছেন।”

দীর্ঘদিনের ‘পেশাগত ও নৈতিক হয়রানির’ বিষয়ে মেহেরপুর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে তিনি তিনটি দাবি উত্থাপন করে বলেন, “এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত করে রেদওয়ান রনির ব্যক্তিগত অপপ্রয়োগ ও অনৈতিক আচরণের মূল্যায়নপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

“আমার পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও কাজের সুযোগ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদান করা হোক।

রেদওয়ান রনি

রেদওয়ান রনি

“মিডিয়া জগতে ব্যক্তি-ভিত্তিক সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে নীতিগত ও ন্যায্য ব্যবস্থা গ্রহণ করা হোক, যেন ভবিষ্যতে অন্য কোনো স্বাধীন নির্মাতা বা সৃজনশীল ব্যক্তি এ ধরনের নিপীড়নের শিকার না হন।”

এ বিষয়ে রেদওয়ান রনির বক্তব্য জানতে চাইলে চরকির জনসংযোগ বিভাগ থেকে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একটি লিখিত বক্তব্য পাঠানো হয়।

সেখানে রেদওয়ান রনি বলেছেন, “আনুষ্ঠানিকভাবে আমি কোনো অভিযোগ এখনো পাইনি, আনুষ্ঠানিকভাবে কোনো বিষয়ে যদি আমার কাছে বা আমার প্রতিষ্ঠানের কাছে জানতে চাওয়া হয়, তখন এগুলো নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া যাবে।”

চরকির প্রভাব খাটিয়ে শৌভকে পেশাগত কাজে বঞ্চিত করার অভিযোগের বিষয়ে রেদওয়ান রনি বলেন, “চরকিতে যে কোনো নির্মাতা গল্প জমা দিতে পারেন, যোগ্যতার ভিত্তিতে কনটেন্ট টিম তার নিজস্ব প্রক্রিয়ায় গল্প নির্বাচন বা বাতিল করেন। সংশ্লিষ্ট বিষয়ক অভিযোগ চরকির অফিসিয়াল মাধ্যমে জানাতে পারেন যে কেউ।”

মঙ্গলবার জিডিতে চরকির ব্যবস্থাপক শাহরিয়ার সাগর বলেছেন, “গত বছরের ৩ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে সাহেব মাহমুদ আমাকে ফোন দিয়ে শৌভ রহমানকে কাজ না দিলে ক্ষতির হুমকি ও রেদওয়ান রনির নামে অপপ্রচার, মিথ্যা মামলাসহ সামাজিক ও পারিবারিক ক্ষতি করার হুমকি দেন।”

“অভিযুক্ত ব্যক্তির মানহানিমূলক ও মিথ্যা অপপ্রচারের কারণে ব্যবসায়িক, পারিবারিক ও ব্যক্তিগত সমাজে আমার এবং রেদওয়ান রনি ও চরকির অপূরণীয় ক্ষতি হচ্ছে, আমরা শারীরিক, পারিবারিক ও মানসিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি।”

আগের খবর:

রেদওয়ান রনির বিরুদ্ধে 'পেশাগত হয়রানিরঅভিযোগ আরেক নির্মাতার