১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেদওয়ান রনির বিরুদ্ধে 'পেশাগত হয়রানির' অভিযোগ আরেক নির্মাতার

শৌভ বলছেন, চরকি এবং সংশ্লিষ্টদের ‘প্রভাবিত’ করে তার বিরুদ্ধে ‘প্ররোচনা’ চালিয়ে যাচ্ছেন রেদওয়ান রনি।

রেদওয়ান রনির বিরুদ্ধে 'পেশাগত হয়রানির' অভিযোগ আরেক নির্মাতার
রেদওয়ান রনি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 09:57 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিইও, নির্মাতা রেদওয়ান রনির বিরুদ্ধে পেশাগত হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং মিডিয়া সিন্ডিকেটের মাধ্যমে কাজের সুযোগে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন আরেক নির্মাতা শৌভ রহমান রনি; যিনি এক সময় রেদওয়ান রনির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

প্রায় ১৫ বছর ধরে চলচ্চিত্র, চিত্রনাট্য ও অডিওভিজ্যুয়াল মাধ্যমে কাজ করছেন শৌভ রহমান।

তিনি বলেন, "আমার সমস্যা শুরু হয় ২০১১ সালে, যখন আমি রেদোয়ান রনির সহকারী হিসেবে কাজ করতাম। সেই সময় থেকেই তিনি আমার প্রতি একটি ব্যক্তিগত বিরাগ পোষণ করে আসছেন।"

চরকির সঙ্গে কোনো ‘ব্যক্তিগত বিরোধ নেই’ মন্তব্য করে শৌভ বলেন, চরকি এবং সংশ্লিষ্টদের ‘প্রভাবিত’ করে তার বিরুদ্ধে ‘প্ররোচনা’ চালিয়ে যাচ্ছেন রেদওয়ান রনি; যার ফলে তিনি বিভিন্ন প্রকল্প ও কাজ থেকে অব্যাহতভাবে ‘বঞ্চিত’ হচ্ছেন।

শৌভ বলছেন, "স্বাধীন নির্মাতার পেশাগত জীবনকে জিম্মি করে রাখার মত আচরণ কোনোভাবেই ব্যক্তিগত মনোমালিন্যের গণ্ডিতে পড়ে না। এটি একটি সিস্টেমেটিক সিন্ডিকেট মডেলের উদাহরণ, যেখানে একজন প্রভাবশালী ব্যক্তি নিজের অবস্থান ব্যবহার করে একজন শিল্পীর পথ রুদ্ধ করছেন, তার ভাবনা ও পরিশ্রম লুপ্ত করে দিচ্ছেন।"

শৌভ রহমান

শৌভ রহমান

দীর্ঘদিনের ‘পেশাগত ও নৈতিক হয়রানির’ বিষয়ে মেহেরপুর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে সম্প্রতি একটি স্মারকলিপি দিয়েছে শৌভ রহমান।

সেখানে তিনটি দাবি উত্থাপন করে তিনি বলেন, "এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত করে রেদওয়ান রনির ব্যক্তিগত অপপ্রয়োগ ও অনৈতিক আচরণের মূল্যায়নপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

"আমার পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও কাজের সুযোগ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদান করা হোক।

"মিডিয়া জগতে ব্যক্তি-ভিত্তিক সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে নীতিগত ও ন্যায্য ব্যবস্থা গ্রহণ করা হোক, যেন ভবিষ্যতে অন্য কোনো স্বাধীন নির্মাতা বা সৃজনশীল ব্যক্তি এ ধরনের নিপীড়নের শিকার না হন।"

এ বিষয়ে রেদওয়ান রনির বক্তব্য জানতে চাইলে চরকির জনসংযোগ বিভাগ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একটি লিখিত বক্তব্য পাঠানো হয়।

সেখানে রেদওয়ান রনি বলেছেন, "আনুষ্ঠানিকভাবে আমি কোনো অভিযোগ এখনো পাইনি, আনুষ্ঠানিকভাবে কোনো বিষয়ে যদি আমার কাছে বা আমার প্রতিষ্ঠানের কাছে জানতে চাওয়া হয়, তখন এগুলো নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া যাবে।"

চরকির প্রভাব খাটিয়ে শৌভকে পেশাগত কাজে বঞ্চিত করার অভিযোগের বিষয়ে রেদওয়ান রনি বলেন, "চরকিতে যে কোনো নির্মাতা গল্প জমা দিতে পারেন, যোগ্যতার ভিত্তিতে কনটেন্ট টিম তার নিজস্ব প্রক্রিয়ায় গল্প নির্বাচন বা বাতিল করেন। সংশ্লিষ্ট বিষয়ক অভিযোগ চরকির অফিসিয়াল মাধ্যমে জানাতে পারেন যে কেউ।"