১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরিয়ানের ‘ফরমায়েশে’ জেরবার ববি দেওল, রাতেই ফোন শাহরুখকে

শাহরুখ বলেন, “এক রাতে ববি আমাকে ফোন করে বলল, তুই একটু আয় ভাই, তোর ছেলে আমাদের খুব কাজ করাচ্ছে, আমি এখন বাড়ি যেতে চাই।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 01:51 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

‘দ্য ব্যাডস অব বলিউড’ নামের যে ওয়েব সিরিজ বানিয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, সেখানে এই তরুণ নির্মাতা তার বাবার বন্ধুদের ক্যামেরার সামনে এনে দাঁড় করিয়েছেন।

নেটফ্লিক্সে মুক্তি পেতে চলা সিরিজে অভিনয় করেছেন, ববি দেওল, সালমান খান এবং অতিথি চরিত্রে করণ জোহরও। তবে মূল চরিত্র পেয়েছেন শাহরুখ। 

বন্ধুর ছেলের কাজের অংশ হতে পেরে আপ্লুত ববি দেওল। চোখের সামনে বড় হওয়া আরিয়ানের নির্মাণ জগতে পা রাখার বিষয়টি এই অভিনেতার কাছে বিস্ময়ের এবং আনন্দের বলে জানিয়েছেন ববি দেওল। 

তবে আরিয়ান তাকে ‘খুব খাটিয়েছে’ বলেও রসিকতা করেছেন ববি দেওল।

কিছুদিন আগে মুম্বাইয়ে ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজের প্রিভিউ প্রকাশ অনুষ্ঠানে ববি বলেন, “আরিয়ান আমাকে স্ক্রিপ্ট শুনিয়েছে সাত ঘণ্টা ধরে, যদিও আমি আগেই রাজি হয়ে গিয়েছিলাম। ওর প্যাশন দেখে আমি অভিভূত। তবে ও আমাদের সত্যিই খুব খাটিয়েছে!’

ববির এই কথার রেশ ধরে শাহরুখ খান বলেন, “এক রাতে ববি আমাকে ফোন করে বলল, তুই একটু আয় ভাই, তোর ছেলে আমাদের খুব কাজ করাচ্ছে, আমি এখন বাড়ি যেতে চাই।”

এ কথার পর ববি বলেন, বাবার শুটিংয়ে ঘুরে বেড়ানো ছেলেটি কখন বড় হয়ে গেছে তা তিনি ভেবে পাচ্ছেন না। 

“ভাবতেই পারিনি, একদিন বন্ধুর ছেলের পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়াব।”

আরিয়ান এই সিরিজ বানিয়েছেন শাহরুখের জীবনের নানা ঘটনা নিয়ে, সেখানে দেখা যাবে অল্প বয়সী এক যুবক একরাশ স্বপ্ন নিয়ে ফিল্মি দুনিয়ায় পা রেখে কীভাবে চড়াই-উৎরাইয়ের সঙ্গে যুদ্ধ করে বনে যান এক সুপারস্টারে।

শাহরুখের জীবনের ঘটনা ছাড়াও বলিউড তারকাদের জীবনে খ্যাতির ভাল-মন্দ দিক উঠে আসবে সিরিজে।

আরিয়ানের প্রশংসা করে ববি বলেন, “অসাধারণ কাজ করেছে। নিজেকে উজাড় করে দিয়েছে। শুধু নিজের সেরাটা নয়, আমাদের সবার মধ্য থেকেও সেরাটা বের করে আনার চেষ্টা করেছে। ওর নির্দেশনায় কাজ করতে গিয়ে যেন নিজেকেই নতুন করে চিনেছি।”

গৌরী খান ও শাহরুখের ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ প্রযোজিত ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজটি আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।