১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘স্পর্ধার’ নাট্যোৎসব: আসছে সৈয়দ জামিলের নাটক

প্রথম পর্ব শেষ করে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে উৎসবের দ্বিতীয় পর্ব ‘উত্তাল তরঙ্গ’।

‘স্পর্ধার’ নাট্যোৎসব: আসছে সৈয়দ জামিলের নাটক
‘উত্তাল তরঙ্গ’ পর্বের তিন নাটকের পোস্টার। ছবি: নাট্যদলের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 11:17 AM

Updated : 26 Aug 2026, 02:14 PM

সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নানা আয়োজনে নাট্যোৎসব করতে যাচ্ছে ‘স্পর্ধা ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেকটিভ’।  

‘পূর্ব রঙ্গ’, ‘উত্তাল তরঙ্গ’ ও ‘অন্তিম ভাটি’ নামে তিন পর্বের এই উৎসব শুরু হয়েছে ৮ অগাস্ট। প্রথম পর্ব শেষ করে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় পর্ব ‘উত্তাল তরঙ্গ’।      

‘উত্তাল তরঙ্গ’ পর্বে থাকছে তিনটি নাটক। সেগুলোর মধ্যে একটি সৈয়দ জামিল আহমেদ নির্দেশিত 'আমি বীরাঙ্গনা বলছি'। নাটকটির নতুন সংস্করণে ৪টি প্রদর্শনী রয়েছে। 

শুক্র ও শনিবার বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টায় দেখা যাবে নাটকটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে 'আমি বীরাঙ্গনা বলছি'। 

একাত্তরের বীরাঙ্গনাদের নিয়ে ১৯৯৪ সালে 'আমি বীরাঙ্গনা বলছি' নামে একটি বই লিখেছিলেন নীলিমা ইব্রাহিম। সেই বই অবলম্বনে একই নামে মঞ্চনাটক নিয়ে আসেন সৈয়দ জামিল আহমেদ। 

নাটকে দুই বীরাঙ্গনা ময়না ও মেহেরজানের বয়ানে তাদের ওপর চলা নির্মমতার কথা তুলে ধরা হয়েছে।  

এছাড়া মহসিনা আক্তারের নির্দেশনায় 'তবুও জেগে উঠি' নাটকের ৩টি প্রদর্শনীও রয়েছে। 

৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় একটি এবং ৮ সেপ্টেম্বর বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টায় দুইটি প্রদর্শনীর আয়োজন রাখা হয়েছে। শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে দেখা যাবে এই নাটকটিও। 

নারীর এগিয়ে চলার গল্প নিয়ে নাটক 'তবুও জেগে উঠি'। নাটকের পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন মহসিনা আক্তার। 

আগামী ১২ সেপ্টেম্বর বাতিঘর আর্ট স্পেসে প্রদর্শিত হবে 'বিস্ময়কর সবকিছু'। নাটকটি নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। 

ব্রিটিশ নাট্যকার ডানকান ম্যাকমিলানের এভরি ব্রিলিয়ান্ট থিং নাটকটি অনুবাদও করেছেন তিনি। মানসিক স্বাস্থ্য নিয়ে নাটকটিতে অভিনয় করেছেন মহসিনা আক্তার।

এছাড়াও ‘উত্তাল তরঙ্গে' পর্কে রয়েছে ৪টি কর্মশালা ও ১টি বাহাস।  

উৎসবের শেষ পর্ব ‘অন্তিম ভাটিতে’ থাকবে ট্রেকিং অভিজ্ঞতাজাত প্যারাথিয়েটার। ঢাকা থেকে একটি দল নিয়ে দুর্গম কোনো অঞ্চলে প্রকৃতির মধ্যে প্যারাথিয়েটার করা হবে।  

২০১৮ সালের ১২ সেপ্টেম্বর গঠিত হয় নাট্যদল স্পর্ধা। জামিল আহমেদের নির্দেশনায় শহীদুল জহিরের উপন্যাস অবলম্বনে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ মঞ্চে আনে নাট্যদলটি। 

দলটির অন্য নাট্য প্রযোজনার মধ্যে রয়েছে ‘বিস্ময়কর সবকিছু’, ‘৪.৪৮ মন্ত্রাস’, ‘তবুও জেগে উঠি’।