১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

'পক্ষীরাজের ডিম', 'সাম্রাজ্য'সহ যা যা চলছে ওটিটিতে

চলতি সপ্তাহের ওটিটির খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।

'পক্ষীরাজের ডিম', 'সাম্রাজ্য'সহ যা যা চলছে ওটিটিতে
ওটিটিতে মুক্তিপ্রাপ্ত সিরিজ ও সিনেমার পোস্টার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 03:41 PM

Updated : 10 Sep 2026, 12:45 PM

রহস্য, অ্যাকশনের গল্পে চলতি সপ্তাহের ওটিটিতে এসেছে নতুন কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজ।

হইচইতে দেখা যাচ্ছে রহস্য ও গোয়েন্দা অভিযান নিয়ে শিশুতোষ রূপকথার গল্প ‘পক্ষীরাজের ডিম’। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বিজয় দেবরাকোণ্ডার অ্যাকশন-ড্রামা সিরিজ ‘সাম্রাজ্য’; যেখানে স্বর্ণ চোরাচালানকারীর বিরুদ্ধে অভিযান দেখানো হয়েছে। 

পাশাপাশি নেটফ্লিক্সে আরও দেখা যাচ্ছে ‘মেট্রো ইন দিনো’, যেখানে চার দম্পতির জীবনের গল্প তুলে ধরা হয়েছে।

জিও হটস্টারে চলছে সুপারহিরো অ্যাকশন সিনেমা ‘থান্ডারবোল্টস’। 

এই সপ্তাহের ওটিটির খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।  

'পক্ষীরাজের ডিম'

রহস্যময় পাথরের গায়ে আঁকা এক রূপকথার অভিযান ঘিরে নির্মিত হয়েছে শিশুতোষ সিনেমা 'পক্ষীরাজের ডিম'। হইচইয়ে চলছে সিনেমাটি।

সৌকর্ণ ঘোষাল পরিচালিত ‘রেনবো জেলি’ সিনেমার সিকুয়েল এটি। অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, মহাব্রত বসু, অনুমেঘা বন্দ্যোপাধ্যায়সহ আরো অনেকে।  

চিত্রনাট্যে দেখা গেছে ঘোতন মা-বাবাকে হারিয়েছে ছোটবেলাতেই। সে থাকে তার অ্যাডভোকেট দাদুর সঙ্গে। পড়াশোনায় সে মোটেই ভালো নয়, কিন্তু তার বাবা ছিলেন বিজ্ঞানী। রাতের বেলায় আকাশের তারা গুনতে গুনতে ঘোতনও বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে।

কিন্তু অঙ্কে ফেল করলে কি আর বিজ্ঞানী হওয়া যায়? এই প্রশ্ন ঘুরপাক খায় ঘোতনের মাথায়। তাই সে অঙ্ক শিখার জন্য শিক্ষক বটব্যালকে উপহার দেয় একটি পক্ষীরাজের ডিম। কিন্তু এই ডিমের খবর জেনে যায় অনেকে। সেই ডিমকে কীভাবে ঘোতন রক্ষা করে, তাই দেখানো হয়েছে ‘পক্ষীরাজের ডিম’ সিনেমায়।

‘পক্ষীরাজের ডিম’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ১৩ জুন।

বিজয়ের 'সাম্রাজ্য'

অ্যাকশন-ড্রামা ঘরানার সিরিজ 'সাম্রাজ্যে' তেলেগু সিনেমার অভিনেতা বিজয় দেবরাকোণ্ডা অভিনয় করেছেন। তেলেগু ও হিন্দি দুই ভাষায় নেটফ্লিক্সে সিরিজটি চলছে।  

স্বর্ণ চোরাচালানকারীর বিরুদ্ধে অভিযানের গল্প দেখানো হয়েছে এই সিরিজে। যেখানে দেখা গেছে পুলিশ অফিসার সূর্য সুরিকে আন্ডারকভার মিশনে পাঠানো হয় শ্রীলঙ্কার একটি দ্বীপে। সেখানে গিয়ে সে তার হারিয়ে যাওয়া ভাই শিবের দেখা পায়। কিন্তু চোরাচালানকারী ভাইয়ের সঙ্গে তার এই সাক্ষাৎ তাকে ভয়ংকর অভিজ্ঞতার দিকে নিয়ে যায়। 

সিরিজটিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন ভাগ্যশ্রী বোর্সে এবং সত্যদেব কানচরণাসহ অনেকে।

চার দম্পত্তির গল্পে 'মেট্রো ইন দিনো'

অনুরাগ বসু পরিচালিত হিন্দি সিনেমা ‘মেট্রো ইন দিনো’ দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠী, আদিত্য রায় কাপুর, সারা আলী খান।    

‘মেট্রো ইন দিনো’ সিনেমা তৈরি হয়েছে বিভিন্ন বয়সের চার দম্পতির জীবনের গল্প নিয়ে। দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরে থাকেন তারা। তাদের জীবনের আনন্দ ও বেদনার কারণ ভিন্ন, তবে একটি বিষয়ে আছে মিল। তা হল আপাতদৃষ্টিতে তাদের সুখী মনে হলেও তারা প্রত্যেকে নিজেদের সম্পর্ক নিয়ে দ্বিধায় আছেন। শহুরে জীবনের নানা ব্যস্ততা এবং নানা ধরনের হাতছানি কীভাবে মানুষের সম্পর্ককে প্রভাবিত করছে, তা উঠে এসেছে গল্পে।

'থান্ডারবোল্টস'

'থান্ডারবোল্টস' দেখা যাচ্ছে জিও হটস্টারে। এতে অভিনয় করেছেন ফ্লোরেন্স পিউ, সেবাস্টিয়ান স্ট্যান, ওয়াট রাসেল।    

আমেরিকান সুপারহিরো চলচ্চিত্র 'থান্ডারবোল্টস'। সিনেমার গল্পে দেখা গেছে একদল অ্যান্টিহিরো ভ্যালেন্টিনা অ্যালেগ্রা ডি ফন্টেইনের সৃষ্ট একটি প্রাণঘাতী ফাঁদে পড়ে। এই ফাঁদ থেকে বাঁচতে তারা একটি বিপজ্জনক মিশনে অংশ নিতে বাধ্য হয়, যেখানে তাদের নিজেদের অতীতের অন্ধকার দিকগুলোর মুখোমুখি হতে হয়। পরস্পরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তারা। একপর্যায়ে দ্বন্দ্ব ভুলে একত্রিত হয়ে মিশন সম্পন্ন করে।