১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কনসার্টের আগে অসুস্থ এসি/ডিসির গিটারিস্ট স্টিভি ইয়ং

“সোমবারের কনসার্টে বাজানোর জন্য তিনি মুখিয়ে আছেন।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2026, 05:46 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

আর্জেন্টিনায় কনসার্টের আগে অসুস্থ হয়ে পড়েছেন হার্ড রক ব্যান্ড এসি/ডিসির গিটারিস্ট স্টিভি ইয়ং। 

পিপল ম্যাগাজিন বলছে, তাকে বুয়েনোস আইরেসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্যান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, কনসার্টের জন্য আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে পৌঁছানোর পর অসুস্থ বোধ করেন ৬৯ বছর বয়সী ইয়ং। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়, “চিকিৎসকেরা সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছেন।”

‘পাওয়ার আপ’ ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ২৩, ২৭ ও ৩১ মার্চ বুয়েনোস আইরেসের সবচেয়ে বড় স্টেডিয়াম মনুমেন্টাল-এ তিনটি কনসার্ট করার কথা এসি/ডিসির।

ব্যান্ডের পক্ষ থেকে আরও বলা হয়েছে স্টিভি এখন আগের চেয়ে ভালো আছেন। সোমবারের কনসার্টে বাজানোর তিনি মুখিয়ে আছেন।

২০২০ সালে কিংবদন্তি ব্যান্ড এসি/ডিসির সবশেষ অ্যালবাম ‘পাওয়ার আপ’ প্রকাশিত হয়। এরপর ২০২৪ সালে তারা এই ট্যুর শুরু করে। ২০১৭ সালে ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও গিটারিস্ট ম্যালকম ইয়ংয়ের মৃত্যুর পর এটা তাদের প্রথম কনসার্ট ট্যুর।

ডিমেনশিয়ার কারণে ম্যালকম ইয়ংয়ের অবসরের পর ব্যান্ডে যোগ দেন তার ভাইয়ের ছেলে স্টিভি ইয়ং।

১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার দুই ভাই ম্যালকম ও অ্যাঙ্গাস ইয়ং মিলে গড়ে তোলেন এসি/ডিসি। অ্যাঙ্গাস শুরু থেকে এখন পর্যন্ত ব্যান্ডের সঙ্গে আছেন।

‘হাইওয়ে টু হেল’, ‘ব্যাক ইন ব্ল্যাক’, ‘শুট টু থ্রিল’, ‘থান্ডারস্ট্রাক’ এর মতো জনপ্রিয় রক গানের সৃষ্টি করেছে এসি/ডিসি।