রুনা লায়লার মৃত্যুর গুজব: ক্ষোভ প্রকাশ করলেন তানি লায়লা
রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন জানিয়ে এ ধরনের ভুয়া কনটেন্টের বিরুদ্ধে আইনি ও সামাজিক প্রতিরোধের আহ্বান দিয়েছেন তানি লায়লা।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে ভুয়া খবর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার মেয়ে তানি লায়লা।
রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ আছেন জানিয়ে এ ধরনের ভুয়া কনটেন্টের বিরুদ্ধে আইনি ও সামাজিক প্রতিরোধের আহ্বান দিয়েছেন তিনি।
একটি ইউটিউব চ্যানেল 'মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা' শিরোনামে একটি ভিডিও প্রচার করেছে। সেই ভিডিওর স্ক্রিনশট ফেইসবুকে পোস্ট করে তানি লায়লা লিখেছেন, "সামান্য কিছু অর্থ উপার্জনের লোভে এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ইউটিউব ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর বিষয়টি দেখে আমি সত্যিই বিরক্ত ও অতিষ্ঠ হয়ে পড়েছি!"
সোশাল মিডিয়ায় ছড়ানো এসব অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে তিনি লিখেছেন, "আমার মা তার জীবনের ছয়টি দশক সংগীতের সেবায় উৎসর্গ করেছেন, অথচ মানুষ এখনও তাকে এভাবেই অসম্মান করে চলেছে, কী চরম লজ্জার ও অপমানের বিষয় আমাদের জন্য! আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই এসবই এআই-এর মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি।"
তিনি বলেন, "আমি ব্যক্তিগতভাবে এ ধরনের কন্টেন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করব, একটা একটা করে, যতক্ষণ না এই সব মাথামোটা লোক তাদের এই বাজে কাজ বন্ধ করে।"
একই সঙ্গে যে কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন তিনি।
রুনা লায়লার ভক্ত ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে তানি লায়লা লিখেছেন, "আর সহ্য করা যাচ্ছে না, যারা রুনা লায়লাকে অনুসরণ করেন, দয়া করে এ ধরনের অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করুন।"
রুনা লায়লা দেশ ও দেশের বাইরে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গেল মাসে অস্ট্রেলিয়ার দুটি কনসার্টে সংগীত পরিবেশন করেছেন তিনি।
এর আগে জুলাই মাসে শিল্পকলা একাডেমির উদ্যোগে একক গানের অনুষ্ঠানেও গান করেন এই শিল্পী। এর বাইরে বেছে বেছে একাধিক স্টেজ অনুষ্ঠানেও অংশ নিয়েছেন।
