২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

এফডিসিতে সালমান শাহ স্মরণে ৩ দিনের চলচ্চিত্র প্রদর্শনী

রোববার থেকে শুরু হতে যাওয়া এ উৎসবে প্রয়াত নায়কের তিনটি সিনেমা দেখানো হবে।

এফডিসিতে সালমান শাহ স্মরণে ৩ দিনের চলচ্চিত্র প্রদর্শনী
চলচ্চিত্র প্রদর্শনীর পোস্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 09:54 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

ঢাকাই সিনেমার নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

'সালমান শাহ স্মরণে' শিরোনামে রোববার থেকে এ উৎসব চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে প্রতিদিন বিকাল ৪টায় দর্শনার্থীদের জন্য থাকবে বিনামূল্যে চলচ্চিত্র দেখার এই আয়োজন। 

রোববার এ অভিনেতার ৩০ তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার চলে যান এ অভিনেতা।

আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীতে সালমান শাহ অভিনীত তিনটি  সিনেমা দেখানো হবে।

উৎসবের প্রথম দিন বিকাল ৪টায় দেখানো হবে এম এ খালেক পরিচালিত 'স্বপ্নের ঠিকানা'। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন শাবনূর, সোনিয়া, রাজীব, আবুল হায়াত ও ডলি জহুর।

দ্বিতীয় দিন সোমবার একই সময়ে দেখানো হবে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’। 

১৯৯৩ সালে মুক্তি পাওয়া এ চলচ্চিত্রের মধ্য দিয়েই ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল সালমান শাহ ও মৌসুমী জুটির। সিনেমায় অভিনয় করেছেন রাজীব, আবুল হায়াত ও আহমেদ শরীফ।

উৎসবের শেষ মঙ্গলবার বিকাল ৪টায় থাকছে মতিন রহমান পরিচালিত 'তোমাকে চাই'। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। অন্যান্য চরিত্রে ছিলেন খলিল, অমল বোস ও ডন।

চার বছরের অভিনয়জীবনে সালমান সিনেমা করেছেন ২৭টি। মৃত্যু রহস্য, অভিনয় ও ফ্যাশন নিয়ে সব প্রজন্মের কাছে এখনো চর্চিত নাম সালমান শাহ।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দারিয়াপাড়ায় নানাবাড়িতে জন্ম সালমান শাহর। শৈশবে সংগীতের পাঠ নিয়েছিলেন ছায়ানটে, গেয়েছেন গানও।

বিনোদনজগতে সালমানের যাত্রা শুরু হয় বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে।

সোহানুর রহমান সোহানের পরিচালনায় নায়িকা মৌসুমীর বিপরীতে প্রথম সিনেমা 'কেয়ামত থেকে কেয়ামত' করে ১৯৯৩ সালে বাজিমাত করে দেন সালমান। 

এ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি উপহার পায় সালমান-মৌসুমী জুটি। তবে সালমানের ক্যারিয়ারের ২৭টি সিনেমার ১৩টির নায়িকাই ছিলেন শাবনূর।

'তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্নেহ’, ‘প্রেম যুদ্ধ’, ‘কন্যাদান’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আঞ্জুমান’, ‘মহামিলন’, ‘আশা ভালোবাসা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘প্রিয়জন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেমপিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভেতর আগুনের’ মতো সিনেমা উপহার দিয়েছেন সালমান। 

সিনেমায় আসার আগেই সামিরা হককে বিয়ে করেছিলেন সালমান। ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়।