Published : 14 Dec 2024, 10:09 PM
ভূতপ্রেত নিয়েই কী ভয় কেবল পায় মানুষ? অনেক সময় ভূতের ভয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সামাজিক ভয় ও ভীতি।
এমন গল্প নিয়ে দর্শকদের জন্য আসছে নুহাশ হুমায়ূনের ওটিটি সিরিজ ‘পেট কাটা ষ’ র দ্বিতীয় মৌসুম ‘২ষ’।
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিরিজটি মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর।
চরকি বিজ্ঞপ্তিতে বলছে ‘২ষ’ র গল্পগুলো ফ্যান্টাসি, হরর ও মিস্ট্রি ঘরানার। এই গল্পগুলো লিখেছেন নুহাশ ও তার মা গুলতেকিন খান। এই প্রথমবারের মত কোনো সিরিজের জন্য গল্প লিখেছেন গুলতেকিন।

চার পর্বের সিরিজের প্রথম পর্বের নাম ‘ওয়াক্ত’। এই পর্বে থাকছে পাঁচ জন বন্ধুর পাঁচটি ভিন্ন সময়ে পাঁচ ধরনের পরিণতির গল্প।
সিরিজের অন্য পর্বগুলো হল ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। প্রতিটি গল্পের রয়েছে ঘটনার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা।
নুহাশ জানিয়েছেন, দ্বিতীয় পর্ব ‘ভাগ্য ভালো’ গল্পটিতে দেখা যাবে ভাইরাল হওয়া এক জ্যোতিষীর কাহিনী।
অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে তৃতীয় পর্ব ‘অন্তরা’র গল্প। এছাড়াও সুর-ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে শেষ পর্ব ‘বেসুরা’তে।
‘২ষ’ এর ‘ওয়াক্ত’ পর্বে পাঁচ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান।
'ভাগ্য ভালো’তে আছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ।
কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, শিল্পী সরকার অপু আছেন ‘অন্তরা’ পর্বে।
আর ‘বেসুরা’য় অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকারসহ অনেকে।
বৃহস্পতিবার প্রকাশ হয়েছে সিরিজের ট্রেইলার। যেখানে বলতে শোনা যায়, “ইবলিশ আর মানুষের মধ্যে পার্থক্য কী জানো? একটা তালব্য শ, আরেকটা পেট কাটা ষ’।”

ট্রেইলারের এ সংলাপের ব্যাখ্যা দিয়ে নুহাশ বলেন, “দ্বিতীয় সিজনের গল্পগুলোতে অতিপ্রাকৃতিক বিষয়। যেখানে বা মনস্তাত্ত্বিক বিষয়ে গুরুত্ব দিয়েছি। দেশ ও সাম্প্রতিক সময়ের ভয়াবহতাকেও ভয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছি।”
নুহাশের ভাষ্যমতে, দেশে ভূতের ভয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সামাজিক ভয়। ‘২ষ’ এর প্রতিটি পর্বে মানসিকতার সেই অন্ধকার দিক খোঁজার চেষ্টা করেছেন এই নির্মাতা।
প্রথম সিজন ‘পেট কাটা ষ’ এ নির্মাতা তুলে এনেছিলেন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ভৌতিক গল্পগুলো।

২০২২ সালে তৈরি হয় চরকি অরিজিনাল সিরিজ ‘পেট কাটা ষ’। ‘এ বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’ পর্বগুলোয় সেই ভৌতিক গল্পগুলো দর্শকের কাছে প্রশংসিত হয়।
‘পেটকাটা ষ’ ছাড়াও ‘মশারি’, ‘অস্থির সময় স্বস্তির’ নামের সিরিজ নিয়ে ওটিটিতে কাজ করেছেন নুহাশ। গত বছর যুক্তরাষ্ট্রের ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে মুক্তি পেয়েছে তার ‘ফরেনারস অনলি’ সিরিজ।
এছাড়াও ‘ইতি তোমারই ঢাকা’, ‘মুভিং বাংলাদেশ’ সিনেমা নির্মাণ করেছেন তিনি।