Published : 04 Sep 2026, 08:07 PM
বাইরে বজ্রসহ বৃষ্টি, ঘরের ভেতরে আয়নার সামনে দাঁড়ানো নারী গুনগুনিয়ে গাইছেন গান, ঠিক সেই সময়ে তার পেছন পেছন নিঃশব্দে এগিয়ে এল ভূতুরে হাত, ধরল চেপে।
ভৌতিক আবহসংগীতের সঙ্গে শরীরের লোম জাগানো এমন দৃশ্য দেখা গেল মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘আন্ধার’ এর টিজারে।
এক মিনিট ২৬ সেকেন্ডের সেই ভিডিওতে সিনেমার গল্প নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া না গেলেও সেটি যে রহস্য, ভয় আর অপরাধের গল্প নিয়ে এগিয়েছে, তা বোঝাই যাচ্ছে। নির্মাতা রায়হান রাফীর এ হরর-থ্রিলার সিনেমার টিজার প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার।
আফসানা মিমি, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সিয়াম আহমেদ ও মোস্তফা মনওয়ারসহ প্রধান সব চরিত্রকেও আনা হয়েছে টিজারে। আগামী অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘আন্ধার’।
অর্থহীন ব্যান্ডের বেজবাবা সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্পে ওই সিনেমা নির্মাণের কথা শোনা যায় গত বছর। এখন এর ভিএফএক্স ও গ্রাফিক্স অ্যানিমেশনের কাজ শেষ করে মুক্তির প্রস্তুতি চলছে।
চলতি সেপ্টেম্বরে সার্টিফিকেশন বোর্ডে সেটি জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার। এরপর প্রকাশ পাবে ট্রেইলার।
নির্মাতা রাফী বলেন, “কয়েক বছর ধরে ঈদে সিনেমা মুক্তি পেলে উৎসবের একটা আবহ তৈরি হয়। আমরা চাই পূজাতেও সেই উৎসবমুখর পরিবেশটা ফিরে আসুক। পূজার ছুটি আমেজে মানুষ প্রেক্ষাগৃহে আসুক, সিনেমা দেখুক এই প্রত্যাশা নিয়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছি।”
সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘নাদিয়া’ হয়ে পর্দায় আসবেন অভিনেত্রী নাজিফা তুষি। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে ‘হিমেল’ হিসেবে অভিনয় করেছেন ফররুখ আহমেদ রেহান।
সিনেমাটির গল্প লিখেছেন শাকিব, সুমন ও আদনান আদিব খান।