১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক সিনেপ্লেক্সের জন্য তো সিনেমা বন্ধ থাকবে না, ‘শ্যামা কাব্য’ নিয়ে সৌদ

“আমাদের আশা ছিল ‘শ্যামা কাব্য’ আস্তে আস্তে হিট করবে, কিন্তু এমন অবস্থায় সিনেপ্লেক্স থেকে সিনেমা তুলে নিতে বাধ্য হয়েছি, কারণ আমার মনে হয়েছে আমাকে অসম্মান করা হচ্ছে।“

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:17 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

মুক্তির পর তিনদিনের মাথায় স্টার সিনেপ্লেক্স থেকে ‘শ্যামা কাব্য’ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এর নির্মাতা বদরুল আলম সৌদ। 

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রদর্শনীর সময়, সিনেমার মাঝবিরতির সময় নিয়ে অব্যবস্থাপনা এবং টিকেট বিক্রির হিসাবে গরমিলের অভিযোগ তুলেছেন তিনি।

এছাড়া ‘শ্যামা কাব্য’ না চললে সেটি নামিয়ে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ মুক্তির আগে থেকেই যেভাবে তাকে বারবার বিষয়টি বলে আসছিল, তাতে ‘অসম্মানিতবোধ’ করেছেন বলেও জানান সৌদ।

সোমবার গ্লিটজকে সৌদ বলেন, “এক সিনেপ্লেক্সের জন্য তো আমরা সিনেমা বন্ধ থাকবে না। আমরা আরও হল বাড়ানোর চেষ্টা করছি।” 

তবে সৌদের অভিযোগ আমলে না নিয়ে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, তারা নির্মাতার কাছ থেকে যেসব অভিযোগ পেয়েছিলেন, সেগুলো সমাধানের চেষ্টা করেছেন। এরপরও যদি নির্মাতা সিনেমা চালাতে অপারগ হন, সেক্ষেত্রে তাদের কিছু বলার নেই। 

স্টার সিনেপ্লেক্সে ‘শ্যামা কাব্য’ মুক্তি পায় গেল শুক্রবার। এর আগে করোনাভাইরাস মহামারীর দুই বছর এবং দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে দেশে উদ্ভূত হওয়া রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দুবারে সিনেমা মুক্তির কাজ আটকে যায়। 

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখার প্রতি বেশ কিছু অভিযোগ তুলে রোববার ফেইসবুকে ভিডিও বার্তা পোস্ট করেন নির্মাতা বদরুল আনাম সৌদ। 

সেখানে তিনি বলেন, “প্রথম দিন পর্দার সমস্যার কারণে দর্শক সিনেমাটি ভালো করে দেখতে পারছিলেন না। এ কারণে প্রথম দিনের একটি হাউসফুল শো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন হল পরিবর্তন করে সমস্যার সমাধান করা হয়। এছাড়াও, একটি দৃশ্য শেষ না করে ওই দৃশ্যের মাঝামাঝি সময়ে মধ্যবিরতি দেওয়া হচ্ছে। বিরতির পর শুরু হচ্ছে সেই দৃশ্যের পর থেকে।”

প্রদর্শনীর সময় নিয়েও আপত্তির কথা জানিয়েছেন সৌদ।

অবশেষে মুক্তি পাচ্ছে সৌদের 'শ্যামা কাব্য'

'শ্যামা কাব্যমন্দ লাগলে বলবেনমেনে নেবসৌদ

তিনি বলেন, “‘শ্যামা কাব্য’ চলছে লায়নস সিনেমা হলে, যমুনা ব্লকবাস্টারে। সিনেপ্লেক্স থেকে সিনেমা সরিয়ে ফেলা হয়েছে, কারণ আমি কিছুটা অসম্মানিত বোধ করেছি৷ মুক্তির পূর্ব থেকেই বলা হচ্ছিল সিনেমা না চললে নামিয়ে দেওয়া হবে। এটাই স্বাভাবিক। কিন্তু এটি আমাকে বারবার মনে করিয়ে দিতে হবে না। 

“আমাকে আরও বলা হয়েছে যে, হল নিয়ে অভিযোগ করেছিলাম সেখানে এখন ‘রাজকুমার’ চলছে। আর সেখানে অনেক দর্শক আছে। শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। শাকিব খানের সিনেমা দেখতে হলের অবস্থা যাই হোক না কেন দর্শক আসবে সিনেমা দেখতে। শাকিব সেটা অর্জন করেছে। কিন্তু ঘটনাচক্রে আমাদের সিনেমাটি গল্প নির্ভর এবং কেউ এতো বড় তারকা না।”

তিনি আরও বলেন, “শাকিব খানের সঙ্গে আমার তুলনা করে লাভ নেই। আমাকে এই কথাগুলো বারবার বলা হচ্ছে যা নির্মাতা ও প্রযোজকের জন্য অসম্মানজনক। সিনেমার প্রতি আমাদের আশা ছিল এটি আস্তে আস্তে হিট করবে। কিন্তু এমন অবস্থায় সিনেপ্লেক্স থেকে সিনেমা তুলে নিতে বাধ্য হয়েছি কারণ আমার মনে হয়েছে আমাকে অসম্মান করা হচ্ছে।”

সৌদের অভিযোগ নিয়ে গ্লিটজের কথা হয় স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদের সঙ্গে। 

তিনি বলেন, “‘শ্যামা কাব্য’ সিনেমাটি আমাদের এখানে চলছে না, ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান (বঙ্গ) থেকে সিনেমার প্রদর্শনী বন্ধ করার জন্য আমাদের একটি মেইল করেছে। তারা বলেছে, আমাদের সিনেপ্লেক্সে ‘শ্যামা কাব্য’ সিনেমা চালাবে না। তাই আমরা প্রদর্শনী বন্ধ করে দিয়েছি। আমরা সেই জায়গায় ঈদের সিনেমা 'কাজলরেখা' চালাচ্ছি।”

সৌদের করা অভিযোগগুলোর কোনো সমাধান করার চেষ্টা করেছিলেন কিনা প্রশ্নে মেসবাহ বলেন, “আমাদের এখানে প্রথম দিন তারা হলের প্রজেকশন নিয়ে একটি অভিযোগ করেছিল, সেই অভিযোগটি আমলে নিয়ে আমরা পরদিন হল পরিবর্তন করে দেই। তারপর আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। আমরা আমাদের প্রতিষ্ঠানের ব্যবসায়িক পলিসি অনুযায়ী শো টাইম, কোন শাখায় চালাব সেগুলো নির্ধারণ করি। এখন তারা যদি সিনেমা আমাদের এখানে না চালায়, তাহলে তো আমাদের কিছু করার নেই।” 

‘শ্যামা কাব্য’ সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল। এই সিনেমায় কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা ও সোহেল মণ্ডল। 

আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, সুভাশিষ ভৌমিক, মীর রাব্বি, এ কে আজাদ সেতু, রিমি করিম, ইকবাল হোসেনসহ আরো অনেকে।

গত বছর প্যারিসে আয়োজিত গঁজ সুর সোন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের এই সিনেমাটি বিশেষ জুরি অ্যাওয়ার্ড, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চিত্রধারণ এবং সেরা সম্পাদনা, মোট চারটি বিভাগে পুরস্কার পায়।

এছাড়াও সিটি অব প্যারিস আয়োজনে গঁজ সুর গারোনে চলচ্চিত্র উৎসব-২০২৩ এ স্পেশাল জুরি বিভাগে পুরস্কার লাভ করে ‘শ্যামা কাব্য’। 

সিনেমাটির ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম 'বঙ্গ'। 

‘শ্যামা কাব্য’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক বদরুল আনাম সৌদ নিজেই। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা।