২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুগছিলেন একাকিত্বে, অবশেষে চলেই গেলেন অভিনেতা মুকুল দেব

“বাবা-মায়ের মৃত্যুর পর, মুকুল নিজেকে গুটিয়ে ফেলেছিল। এমনকি ঘর থেকে বের হতেন না বা বাড়িতে আসা কোনো অতিথির সঙ্গেও দেখা করতে চাইতেন না।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2025, 03:57 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

ভারতের হিন্দি এবং দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেতা মুকুল দেব মারা গেছেন।

নিউজ ১৮ লিখেছে, বৃহস্পতিবার গভীর রাতে দিল্লিতে একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এই অভিনেতার মৃত্যু হয়েছে।

‘সন অব সরদার’ খ্যাত এই অভিনেতার বয়স হয়েছিল ৫৪, তিনি জনপ্রিয় অভিনেতা রাহুল দেবের ভাই।

বেশ কিছু দিন ধরেই মুকুল শারীরিকভাবে অসুস্থ ছিলেন। 

মুকুলের মৃত্যুর খবরে সোশাল মিডিয়ায় শোক জানিয়েছেন অভিনেতা মনোজ বাজপায়ীসহ আরো অনেকে।

নয়াদিল্লিতে এক পাঞ্জাবি পরিবারে জন্ম মুকুলের। তার বাবা হরি দেব সেই সময়ের সহকারী পুলিশ কমিশনার ছিলেন। অভিনয়ের পাশাপাশি পশতু ও ফারসি ভাষায় দক্ষ ছিলেন প্রয়াত এই অভিনেতা।

সিনেমার পাশাপাশি টেলিভিশনের পর্দায় পরিচিত মুখ ছিলেন মুকুল।

এই অভিনেতার সহঅভিনেতা বিনোদ দারা সিং জানিয়েছেন, ‘একাকিত্বে ভুগছিলেন’ মুকুল। 

বাবা-মায়ের মৃত্যুর পর, মুকুল নিজেকে গুটিয়ে ফেলেছিলের। এমনকি ঘর থেকে বের হতেন না বা বাড়িতে আসা কোনো অতিথির সঙ্গেও দেখা করতে চাইতেন না বলে জানিয়েছেন বিনোদ। গত কয়েকদিন ধরে তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। শেষ কয়েক দিন ছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে।

মুকুলের প্রথম সিনেমা ‘দস্তক’। যেখানে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন মুকুল। আর ওই সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন।

'এক খিলাড়ি এক হাসিনা', 'ইয়ামলা পাগলা দিওয়ানা', 'তেরি ভাবি হ্যায় পাগলে'সহ বেশ কিছু জনপ্রিয় বলিউডি সিনেমায় মুকুল অভিনয় করেছেন। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ সিনেমায় মুকুলের অভিনয় নজর কেড়েছিল। 

হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, পাঞ্জাবি ভাষার সিনেমাতেও তিনি কাজ করেছেন। 

২০১১ সালে পরিচালক তরুণ চট্টোপাধ্যায়ের 'অভিসন্ধি'র মাধ্যমে বাংলা সিনেমায় তার হাতেখড়ি হয় মুকুলের। এরপর আরও কিছু বাংলা সিনেমায় তাকে পাওয়া গেছে। সেগুলোর মধ্যে নায়ক জিতের ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ সিনেমায় করে আলোচনায় আসেন মুকুল।