Published : 11 Jul 2025, 04:39 PM
দিন শুরুর পর অনেকেই মোবাইল হাতে নিয়ে যখন সোশাল মিডিয়ায় ঢুকেছেন, তাদের সামনে এসেছে গলায় মালা পরানো প্রবীণ গায়িকা আশা ভোঁশলের একটি ছবি, সামনে ধূপ। শিল্পীর মৃত্যু হয়েছে ভেবে চমকে গেছেন অনেকে, ছবির নিচে কমেন্টে জানিয়েছেন শোকের বার্তাও।
বেলা গড়ালে সত্যি খবর সামনে আসে।
নিউজ ১৮ লিখেছে, খবরটি পুরোপুরি ভুয়া। ৯২ বছর বয়সী আশা ভোঁশলে বেঁচে আছেন এবং সুস্থ আছেন। মায়ের মৃত্যুর গুজবে ত্যক্ত বিরক্ত হয়েছে ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে আনন্দ ভোঁশলে।

শাবানা শেখ নামের একজনের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে সেই ভুয়া পোস্ট ভাইরাল হয়। ওউ পোস্ট দেখে অনেকে গায়িকার বাড়ির সদস্যদের ফোন করেন।
ফোনের পর ফোন পেয়ে সোশাল মিডিয়ায় আশাপুত্র আনন্দ বলেন, “একেবারেই ভুয়া খবর। মা ভালো আছেন।”
আশার স্বামী সংগীত পরিচালক ও গায়ক রাহুল দেববর্মনের ৮৫তম জন্মবার্ষিকী গেছে ২৭ জুন। সেদিন এক অনুষ্ঠানে অংশ নিয়ে গানও গেয়েছেন তিনি।
আট দশক ধরে ২০টি ভিন্ন ভাষায় ১১ হাজারেরও বেশি গান গেয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়া শিল্পী আশা ভোঁশলে।
বড় বোন লতা মঙ্গেশকরের হাত ধরে সংগীতজীবনে পা রেখেছিলেন আশা ভোঁসলে। সময়টা ছিল ১৯৪৩ সাল। প্রথম প্লেব্যাক করেন মারাঠি ছবিতে।
এরপর ১৯৪৮ সালে ‘চুনারিয়া’ ছবিতে ‘খাতু আয়া’ গানের মধ্য দিয়ে হিন্দি চলচ্চিত্রের প্লেব্যাক জগতে তার যাত্রা শুরু। তিনি প্রথম এককভাবে হিন্দি গানে কণ্ঠ দেন ১৯৪৯ সালে।
সংগীত পরিচালক রাহুল দেববর্মণকে আশা বিয়ে করেন ১৯৮০ সালে, এটি তার দ্বিতীয় বিয়ে। ১৪ বছর সংসার করার পর রাহুল মারা যান।
গানের পাশাপাশি রান্না এই শিল্পীর নেশা। রান্নার প্রতি ভালোবাসা থেকেই ২০ বছর আগে রোস্তোরাঁ ব্যবসায় যুক্ত হন। অনেক দেশেই তার রেস্তোরাঁর শাখা আছে এখন।