১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘রূপবান’ সিনেমার ৬০ বছর ঘিরে বিশেষ আয়োজন

১৯৬৫ সালের ৫ নভেম্বর সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমার বাজেট ছিল দেড় লাখ টাকা।

‘রূপবান’ সিনেমার ৬০ বছর ঘিরে বিশেষ আয়োজন
: ‘রূপবান’ সিনেমার পোস্টার। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 10:53 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

দেশের প্রথম লোককাহিনী নির্ভর চলচ্চিত্র ‘রূপবান’ মুক্তির ছয় দশকে পা রাখল। 

সালাহ্উদ্দিন পরিচালিত এই সিনেমার ৬০ বছর পূর্তি ঘিরে দিনব্যাপী নানা আয়োজন রেখেছে চ্যানেল আই। 

এক বিজ্ঞপ্তিতে চ্যানেল আই বলেছে, রূপবান চলচ্চিত্রের ৬০ বছর পূর্তি ঘিরে ‘গান দিয়ে সকাল’ অনুষ্ঠানে প্রচার হবে সিনেমার গানগুলো। ‘তারকা কথন’ অনুষ্ঠানে আলোচনা হবে সিনেমাটি নিয়ে, পাশাপাশি চ্যানেল আইয়ের সংবাদে সিনেমাটি নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। 

‘রূপবান’ সিনেমার চিত্রনাট্যে, ১২ বছরের রূপবানের সঙ্গে রাজপুত্র রহিম, যে কিনা সদ্য জন্মলাভ করেছে, তার বিয়ের মাধ্যমে এ কাহিনীর বিস্তৃতি ঘটে। তারপর দৈববাণীর কল্যাণে ১২ দিনের স্বামী রহিমকে নিয়ে ১২ বছরের রূপবানের বনবাস। রূপবানের বনসংগ্রামী জীবন, রহিম বাদশার বেড়ে ওঠা, অপর রাজকন্যা তাজেলের প্রেমে পড়া, পরিশেষে অমোঘ সত্য প্রকাশিত হওয়ার বিষয়াদিই রূপবান লোককাহিনীর উপজীব্য।  

সিনেমাটি প্রযোজনা ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক স্বয়ং। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজাতা, মনসুর, চন্দনা, আনোয়ার হোসেন, ইনাম আহমেদ, সিরাজুল ইসলাম, তেজেন চক্রবর্তী, তন্দ্রা, রহিমা ও হেলেন। কলাকুশলীদের মধ্যে ছিলেন চিত্রগ্রহণে আবদুস সামাদ, সঙ্গীত পরিচালনায় সত্য সাহা, শব্দ গ্রহণে মনি বোস ও সম্পাদনায় বশীর হোসেন। 

১৯৬৫ সালের ৫ নভেম্বর সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমার বাজেট ছিল দেড় লাখ টাকা। সেসময় সিনেমাটি ব্যাপক আলোড়ন তোলে। এটির বাণিজ্যিক সাফল্য অতীতের সকল রেকর্ড ভাঙে। চলচ্চিত্রের দেশীয়করণে ‘রূপবান’ এর ভূমিকা ছিল অনন্য।