সালমানের বাড়ির সামনে গুলি: কারাগারে আসামির মৃত্যু
সালমান খানের বাড়ির সামনে যারা গুলি চালিয়েছিল, তাদের অস্ত্র সরবরাহের অভিযোগ ছিল ওই ব্যক্তির বিরুদ্ধে।
বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর মামলায় গ্রেপ্তার এক আসামি কারাগারে মারা গেছেন।
অনুজ থাপন নামে পাঞ্জাবের ওই ব্যক্তিকে অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তার পরিবার।
এনডিটিভি জানিয়েছে, কারাগারে অনুজ থাপনের মৃত্যুর ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে মুম্বাই পুলিশ। ঘটনাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
পুলিশের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অনুজ থাপনসহ পাঁচজনকে একই সেলে রাখা হয়েছিল। বুধবার বেলা ১১টার দিকে তিনি টয়লেটে যান। দীর্ঘ সময় না ফেরায় কারারক্ষীরা দরজা ভেঙে অনুজকে বিছানার চাদর দিয়ে ঝোলানো অবস্থায় দেখেন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সালমানের বাড়ির বাইরে দুই ব্যক্তি গুলি চালায়। তাদের অস্ত্র সরবরাহের অভিযোগ উঠলে ২৬ এপ্রিল অনুজ থাপনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে মুম্বাই পুলিশ সদরদপ্তরের পাশেই একটি কারাগারে রাখা হয়েছিল।
তার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। কারারক্ষীদের কোনো অবহেলা ছিল কিনা তা তদন্ত করে দেখছে সিআইডি।
ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, অনুজ থাপন যেখানে ছিলেন, সেখানে পাঁচ পুলিশ সদস্য দায়িত্বরত ছিলেন। ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও খতিয়ে দেখা হচ্ছে।
“ফুটেজ পর্যবেক্ষণ করে দেখব, আসলে কী ঘটেছে। বৃহস্পতিবার অনুজ থাপনের ময়নাতদন্ত সম্পন্ন হবে।”
কারাগারে সঙ্গী অন্য বন্দিরা বলছেন, অনুজ থাপন তার মামলা নিয়ে দুঃশ্চিন্তায় ছিলেন। মামলায় জামিন না পাওয়ার আশঙ্কা ছিল তার।
সালমানের বাড়ির সামনে সাগরপাল ও ভিকি গুপ্ত নামে দুজন গুলি চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। আর ওই দুজনকে অস্ত্র সরবরাহের অভিযোগে সপ্তাহখানেক আগে পাঞ্জাবের ফাজিলকা এলাকা থেকে অনুজ থাপন এবং সোনু কুমার বিষ্ণোই নামে আরেকজনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।
অনুজ থাপনের পরিবারের অভিযোগ, তাকে কারাগারে হত্যা করা হয়েছে
অনুজের ভাই অভিষেক সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “আমাদের ফোন করে বলা হয়েছে, অনুজ আত্মহত্যা করে মারা গেছে। কিন্তু সে আত্মহত্যা করার মত ছিল না। তাকে খুন করা হয়েছে। আমরা এর বিচার চাই।”
অনুজের আইনজীবী অমিত মিশ্র এনডিটিভিকে বলেন, “মামলায় অভিযুক্ত চারজনই তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন। এর ৪৮ ঘণ্টার মধ্যে তাদের একজন মারা গেল। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।”
সালমানের বাড়ির সামনে গুলি চালানোর মামলায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তার ভাই আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। আনমোল বিষ্ণোই এর আগে সালমান খানের বাড়ির সামনে গুলি চালানোর কথা স্বীকার করেছিলেন।
